বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে আব্দুল কুদ্দুসের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
আজ শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
আগামীকাল রোববার বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে তাঁর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসকে দাফন করা হবে।
আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
আব্দুল কুদ্দসের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী পৃথক শোক বার্তা দিয়েছেন। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।