হোম > রাজনীতি

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু ও পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দলটির পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ পরিদর্শনে যান জামায়াত আমির। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা এই সহায়তা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। এটা দিয়েই শুরু, এখানেই শেষ নয়। প্রয়োজন হলে এই এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আরও সহায়তা প্রদান করব।

মিরপুরের এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও সম্পদ লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, নিশ্চয়ই সরকারি দলের সরাসরি আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম ও দুঃসাহস দেখানোর ক্ষমতা কারও হতো না। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাঁকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতায় উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকারি দলের ছায়াতলেই আজ দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও এমন অসামাজিক অপরাধ বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাড্ডার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও স্বাস্থ্যকেন্দ্রটি অবিলম্বে সচল করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান এবং মনিরুল ইসলাম মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: