দল শক্তিশালী করতে এবং কার্যক্রমে গতি বাড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। পুনর্বণ্টনের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ কেউ তাঁদের পদ হারাতে যাচ্ছেন। আবার কেউ কেউ পাচ্ছেন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
গত মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের বৈঠকে কে কোন দায়িত্ব পাবেন, তা নিয়ে আলোচনা হয়। বেইলি রোডে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাসায় রাত নয়টা থেকে শুরু করে ভোর পর্যন্ত চলে এই বৈঠক।
বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। সেখানে থাকা একাধিক নেতা আজকের পত্রিকাকে জানান, দলে ৫০টির মতো সেল গঠন করা হবে। একেকটি সেলের দায়িত্বে থাকবেন একজন সম্পাদক এবং দুই থেকে তিনজন সহসম্পাদক। কেন্দ্রীয় কমিটিতে থাকা শতাধিক সদস্যের প্রত্যেককে একেকটি সেলে অন্তর্ভুক্ত করা হবে। সেলগুলো তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে রাজনৈতিক পর্ষদের ১৬ নেতার ওপর। এই ১৬ নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করবেন। রাজনৈতিক পর্ষদের সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক লিয়াজোঁ, সারজিস আলম সারা দেশের সংগঠন শক্তিশালী করার দায়িত্ব, ডা. মাহমুদা মিতু নারীবিষয়ক, আলী আহসান জুনায়েদ ছাত্র ও শিক্ষাবিষয়ক এবং সারোয়ার তুষারকে গণমাধ্যমবিষয়ক দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে, গত ১৪ মে দলের নির্বাহী কাউন্সিলের বৈঠকে দলের সাংগঠনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত হয়েছিল। মুখ্য সমন্বয়ক, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই বৈঠকে। মঙ্গলবারের রাজনৈতিক পর্ষদের বৈঠকে সেই সিদ্ধান্তের আলোকে নতুন কাঠামোতে কে, কোন পদ পাবেন, তা নিয়ে আলোচনা হয়। বর্তমানে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ পেতে পারেন। সে ক্ষেত্রে এই পদ থেকে বাদ পড়তে পারেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। একইভাবে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদ হারাতে পারেন নাহিদা সারওয়ার নিভা। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদে আসতে পারেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে রাজনৈতিক পর্ষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ে দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে আলোচনা করেছি আমরা। তবে কে কোন দায়িত্ব পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এ ছাড়া প্রতি সপ্তাহে রাজনৈতিক পর্ষদের বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক নেতা। রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, দলের অপর দুই সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিন।
১১ জুন এই পর্ষদে নতুন ছয়জন সদস্য যুক্ত হন। তাঁরা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত এবং সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এই রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। তবে গত বছরের নভেম্বরে নাহিদা সারওয়ার নিভা এবং ডিসেম্বরে সামান্তা শারমিন এই পর্ষদ থেকে পদত্যাগ করেন।
গত কয়েক মাসে বিএনপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং প্ল্যাটফর্ম থেকে নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। আবার অনেকে দল থেকে চলেও গেছেন। কেউ কেউ নিষ্ক্রিয় রয়েছেন। এই অবস্থায় দলে নতুন করে কার্যক্রম জোরদার করতে দায়িত্বের পুনর্বণ্টন হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।