হোম > রাজনীতি

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম খান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুলশানের একটি হোটেলে আরএফইডির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয়, তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনে যে সুযোগ এসেছে, তা যেন কেউ অনৈতিকভাবে নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের মূল বাহন হচ্ছে নির্বাচন। যেখানে নির্বাচন নেই, সেখানে গণতন্ত্রও নেই। জনগণের মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশের সাংবাদিকেরাই সবচেয়ে বেশি তথ্য জানেন এবং সত্য অনুসন্ধান তাদের অন্যতম দায়িত্ব।

নজরুল ইসলাম খান আরও বলেন, জাল ভোট দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াটাও একই ধরনের অপরাধ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড যেন সংঘটিত না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল দেশের মানুষ এখনো পুরোপুরি পায়নি মন্তব্য বরে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময় ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেককে। এসব অন্যায়ের বিরুদ্ধেই এ দেশের সন্তানরা জীবন দিয়েছে। বর্তমানে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সংবাদপত্রের মালিকানা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, দেশের বেশির ভাগ গণমাধ্যম এখন বড় বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের হাতে। যেহেতু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই গণমাধ্যমের ওপর একধরনের রাজনৈতিক প্রভাব থেকে যায়। এই প্রতিকূলতার মাঝেও সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই নেতা বলেন, এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত জটিল। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাঈল জবিউল্লাহ। সভার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, সাবেক নির্বাচন কমিশনার ড. জকরিয়া প্রমুখ, এতে আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

ক্ষমতায় গেলে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ চালু করতে চায় জামায়াত

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যকর সমাধান সম্ভব: জুবাইদা রহমান

নির্বাচনী ইশতেহার: হতদরিদ্রদের মাসে ৫০০০ টাকা ভাতার ঘোষণা ইসলামী আন্দোলনের

ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন করবে জামায়াত

এনাফ ইজ এনাফ, এবার রাজনীতি থেকে সরে যাও: আ.লীগের উদ্দেশে জামায়াত আমির

জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয়

বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: ফরিদপুরে তারেক রহমান

জামায়াত ইসলামের নামে মানুষকে ভুল বোঝাচ্ছে: মির্জা ফখরুল