সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। তাঁরা বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন।
আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার কথা জানান তাঁর ছেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নির্ধারিত দিনে দেশে ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।
এ ছাড়া ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নায়িমা খন্দকার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিতে হবে। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।
উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।