হোম > রাজনীতি

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্যাস-সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে জুবায়ের বলেন, দেশের নাগরিকেরা নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহন পরিচালনা ও কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

জামায়াত নেতা বলেন, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস-সংকটের কারণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসী মনে করে, গ্যাস-সংকটের জন্য অবৈধ গ্যাস-সংযোগ এবং সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম গ্যাস-সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা কোনো মহল করছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জুবায়ের আরও বলেন, নাগরিকদের চাহিদা বিবেচনায় নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন, বিদ্যমান কূপ থেকে গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে এহসানুল মাহবুব অভিযোগ করেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দিতে ব্যস্ত থাকায় সারা দেশে গ্যাস-সংকট আরও তীব্র হয়েছে। চলমান সংকট দ্রুত নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।