হোম > রাজনীতি

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সভায় যুবশক্তির নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সমন্বয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ এবং জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত দায়িত্ব পেয়েছেন।

এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এই কমিটি ঘোষণা করেন। তিনি জানান, শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আখতার হোসেন বলেন, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয় এবং এনসিপিও তা অনুমোদন দিয়েছে। পরে তিনি নতুন নেতাদের নাম ঘোষণা করেন এবং তাঁদের পরিচয় করিয়ে দেন।

গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে যুবশক্তি। সেদিন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। আর নতুন কমিটি সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম আগের কমিটিতে আহ্বায়ক পদে ছিলেন। সেই কমিটিতে সদস্যসচিব ছিলেন জাহেদুল ইসলাম। ১৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৫ নেতা-কর্মী এনসিপিতে যোগ দেওয়ার পরদিন রাতে যুবশক্তির সদস্যসচিব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাহেদুল। এনসিপিতে যোগ দেওয়া নতুন নেতাদের জায়গা করে দিতে তিনি সরে দাঁড়ান বলে দলীয় সূত্রে জানা যায়। এরপর শনিবার সমন্বয় সভায় যুবশক্তির নতুন নেতৃত্বের ঘোষণা এল।

বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ফরহাদ সোহেল আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন। আর বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি ছিলেন। ১৯ এপ্রিল বৈছাআর কমিটি স্থগিত করা হয়। এরপর রিফাত রশিদ এনসিপিতে যোগ দেন। তবে রিফাত রশিদের এটাই প্রথম এনসিপিতে যোগদান নয়; ২০২৫ সালে এনসিপির আত্মপ্রকাশের সময় তিনি দলের যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। পরে তাঁকে বৈছাআর সভাপতি করা হয় এবং এনসিপিতে তিনি নিষ্ক্রিয় হন।

নতুন করে এনসিপিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে রিফাত রশিদ দলের যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন। তাঁর বিরুদ্ধে গণভোটের প্রচারণার তহবিল লোপাটের অভিযোগ রয়েছে।

যুবশক্তির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নতুন কমিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। সভায় যুবশক্তির বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারা গেছেন

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—প্রশ্ন নাহিদের

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

ছাত্রদল শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে: হুঁশিয়ারি শিবির সভাপতির

বিশ্ববিদ্যালয়ে আবার রাজনীতির দাপট তৈরি হচ্ছে: নাহিদ