সরকার বিধবা কার্ড চালু করে আর্থিক সহায়তা দিলে সেই সুবিধা সংসদ সদস্যের (এমপি) স্ত্রী সবার আগে পাবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সারের ডিলার নিয়োগপ্রক্রিয়ার উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলারের নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছেন, এমপির মেয়েও ডিলার পেয়েছেন, আবার এমপির শ্যালিকাও পেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ইভেন বিধবা কার্ড যদি দেওয়া হয়, বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, এমপির বউ সবার আগে পাবে। মানে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন যে, এমপির বউ সবার আগে বলবে যে—“আমারে একটা দাও আগে।”’