যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ নেই; রাষ্ট্র দুর্নীতি, চাঁদাবাজি, চাঁপাবাজিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগ আয়োজিত র্যালি পূর্ব সভায় তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ রাষ্ট্রের নেই। আমাদের রাষ্ট্র ব্যস্ত চাঁপাবাজিতে, ব্যস্ত ধান্দাবাজিতে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ব্যস্ত দুর্নীতি, চাঁদাবাজিতে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই তারা ব্যস্ত।’
তিনি বলেন, ‘আমাদের তরুণ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ২০২৪-এর ৫ আগস্ট যেই বিপ্লব অর্জন করেছে সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে।’
নতুন বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আযাদ।
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে তারা তরুণ যুবসমাজকে গড়ে তুলবে। তাঁর মতে, দেশের তরুণেরা বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না, কারণ তারা জানে এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না। যার কারণে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয় এবং উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারে।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পেলে মেধার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয়করণ কোটার যেই নতুন প্রথা চালু করেছে বর্তমান সরকার সেই দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সকল নিয়োগ নিশ্চিত করা হবে।’
দলের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোবারক হোসাইন।