হোম > রাজনীতি

সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনেছেন জামায়াত আমির। এসব সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সভায় জাতীয় পর্যায়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতারা ছিলেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘শুধু রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বিরোধীদলীয় নেতা হিসেবে সাংবিধানিক দায়িত্বের বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন শফিকুর রহমান। দেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলা সরকারের পাশাপাশি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক দায়িত্ব। সভায় তিনি এ দায়িত্ব পালনে নিজের ভূমিকার বিষয়েও তুলে ধরেছেন।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দির রক্ষায় জামায়াতের কর্মীদের সাহসী ও দিনরাত নিরবচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।’

তিনি বলেন, ‘সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা বিভিন্ন স্থানে বৈষম্য, বঞ্চনা, অসুবিধা ও দুঃখ-কষ্টের কথা তুলে ধরে সহযোগিতা চেয়েছেন। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে থেকে এসব সমস্যা সমাধানে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা।’

গোলাম পরওয়ার বলেন, ‘শফিকুর রহমান তাঁদের আরও মতবিনিময়ের আশ্বাস দিয়ে বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আরও আলোচনা করা হবে, তাঁদের কথা শোনা হবে এবং তাঁদের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনে পাশে থাকা হবে।’

প্রেস ব্রিফিংয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, এই মতবিনিময়ের মধ্য দিয়ে একটি শুভ সূচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দলমত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা। সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করবেন এবং পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে পাশে থাকবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।