ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিক শিক্ষা বিস্তার, কর্মমুখী ও গবেষণানির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য।
প্রস্তুতি কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক প্রশিক্ষণ, সাংগঠনিক যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে রয়েছেন আইন বিভাগের আনিকা তাহসিনা, সংস্কৃত বিভাগের শিমু আখতার, আইন বিভাগের রেজওয়ান আহমেদ রিফাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইসমাইল জবিউল্লাহ নাহিদ, দর্শন বিভাগের আবু মিশাল, আইন বিভাগের জাহিদ রহমান, দর্শন বিভাগের নিশাত তাসনিম প্রমি, আইন বিভাগের ফারদিন খান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের (ইইই) মাশরুক বিন ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মিথিলা ফারজানা মীম, দর্শন বিভাগের মো. রাজেদুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মো. আব্দুল্লাহ, ইতিহাস বিভাগের মুহিউদ্দীন ইকবাল ও দর্শন বিভাগের আমির হামজা।
বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রসভা আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমিটির সদস্যরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক প্রশিক্ষণ ও মতবিনিময় করবেন। ছাত্র-শিক্ষক-জনতার সংহতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটি বলছে, দেশের ছাত্ররাজনীতি দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারিত্ব ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতার শিকার। এর ফলে ক্যাম্পাসে স্বাধীন চিন্তা, গবেষণা ও সংলাপের পরিবেশ সংকুচিত হয়েছে বলে তারা মনে করে। নতুন রাজনৈতিক ভাষা, শিক্ষা-চিন্তা ও সাংগঠনিক সংস্কৃতির প্রত্যাশা থেকেই জাতীয় ছাত্রসভার কার্যক্রম শুরু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।