হোম > রাজনীতি

গণরায় উপেক্ষা করে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না: মামুনুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকায় আয়োজিত এক পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের মানুষের গণরায় উপেক্ষা করে বাংলার ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

আজ শনিবার সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

সরকারকে সতর্ক করে মামুনুল হক বলেন, অতীতের ইতিহাস স্মরণ করিয়ে বলতে চাই—যাঁরাই বাংলাদেশের মানুষের গণরায়কে উপেক্ষা করার চেষ্টা করেছে, তাঁরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় আপনার জন্য সেই পরিণাম অপেক্ষা করছে, পূর্বসূরি স্বৈরাচারী গোষ্ঠীদের যেই পরিণাম হয়েছিল।

মামুনুল হক বলেন, আমরা বলতে চাই—তেল, গ্যাস, বিদ্যুৎ দিতে পারবেন না, সারের দাম কমাতে পারবেন না, জনগণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারবেন না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না—আপনারা জনগণের প্রকৃত কোনো অধিকার আদায় করতে পারবেন না, তাহলে জনগণ কেবল চেহারা দেখার জন্য আপনাদের ক্ষমতায় বসে থাকতে দেবে না।

সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, জনগণের ভোটাধিকারকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ছিনতাই করে ক্ষমতার মসনদে বসেছেন। এবার জনগণের অধিকার যদি আদায় করতে না পারেন, এই জনগণকে নিয়ে ১১ দল প্রয়োজনে এক দফার দিকে ধাবিত হবে।

জনগণের সঙ্গে গাদ্দারি করে অতীতেও কোনো প্রতাপশালী শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকতে পারে নাই মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির বলেন, আগামী দিনেও প্রতারণা করে, জোচ্চুরি করে, বিশ্বাসঘাতকতা করে বাংলার ক্ষমতার মসনদে থেকে কেউ টিকতে পারবে না।