হোম > মতামত > উপসম্পাদকীয়

বই পড়ায় বাংলাদেশের অবস্থান

গালিবা আনতারা সোয়ারা

বই মানুষের মধ্যে মানুষ ও জগৎ সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলতে সহায়তা করে। ছবি: মেহেদী হাসান

নিজের শৈশব-কৈশোরের বই পড়ার স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই বলেন, পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে গল্পের বই পড়তেন তাঁরা। বাড়ির বড়দের চোখ এড়িয়ে কিংবা পড়াশোনার ফাঁকে গল্প-উপন্যাসে ডুবে থাকার এমন অভিজ্ঞতা একসময় অনেকের শৈশবের অংশ ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের বিনোদনের মাধ্যম ও অবসর কাটানোর ধরন। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল বিনোদনের বিস্তারে বদলে যাচ্ছে বই পড়ার অভ্যাসও।

বই পড়ার অভ্যাসে পিছিয়ে বাংলাদেশ, কিন্তু কতটা? সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ২০২৪ সালের করা একটি জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে ভারত। জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন। বই পড়ার পেছনে সময় ব্যয় করেন বছরে মাত্র ৬২ ঘণ্টা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন এবং এ কাজে সময় দেন ৩৫৭ ঘণ্টা। অর্থাৎ, একজন মার্কিন নাগরিকের তুলনায় একজন বাংলাদেশি বছরে বই পড়ার পেছনে প্রায় ২৯৫ ঘণ্টা কম সময় ব্যয় করেন। ভারতের চিত্রও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং বই পড়ার পেছনে সময় দেন ৩৫২ ঘণ্টা। অর্থাৎ, একজন ভারতীয়র তুলনায় একজন বাংলাদেশি বছরে গড়ে প্রায় ১৩টি বই কম পড়েন এবং ২৯০ ঘণ্টা কম সময় বই পড়েন। প্রতিবেশী শ্রীলঙ্কায় একজন মানুষ বছরে গড়ে ৩ দশমিক ২৯টি বই পড়েন এবং সময় ব্যয় করেন ৭৬ ঘণ্টা। অন্যদিকে, পাকিস্তানে এই সংখ্যা বছরে ২ দশমিক ৬টি বই এবং সময় ৬০ ঘণ্টা। এ ছাড়া যুক্তরাজ্যে বছরে গড়ে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি এবং রাশিয়ায় ১১টি বই পড়েন একজন মানুষ।

শুধু আন্তর্জাতিক জরিপেই নয়, দেশের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়েও উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার ৬৯১ শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ ছিল ছাত্রী। গবেষণায় দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে মাত্র ৩৮ শতাংশ শিক্ষার্থীর পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস রয়েছে। অর্থাৎ, বই পড়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ইতিবাচক ধারণা থাকলেও বাস্তবে সেই অভ্যাস গড়ে উঠছে তুলনামূলক কম। শিক্ষার্থীদের পছন্দের বইয়ের তালিকায় রয়েছে কমিকস ও কৌতুকের বই, ছোটগল্প, ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান।

আন্তর্জাতিক জরিপ ও শিক্ষার্থীদের ওপর পরিচালিত গবেষণার তথ্য পাশাপাশি রাখলে বাংলাদেশের পাঠাভ্যাসের একটি চিত্র পাওয়া যায়। একদিকে আন্তর্জাতিক তুলনায় বই পড়ার সময় ও সংখ্যায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও বই পড়ার আগ্রহ ও বাস্তব অভ্যাসের মধ্যে ব্যবধান রয়েছে। দিন দিন মানুষের বই পড়ার অভ্যাস কমে যাওয়ার অন্যতম কারণ স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার। একসময় মানুষ অবসর সময়ে বই পড়তে ভালোবাসত। বর্তমানে সেই অবসর সময়ের বড় একটি অংশ ব্যয় হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা বিভিন্ন অনলাইন বিনোদনে।

বর্তমানে আমাদের মনোযোগ যেন কয়েক সেকেন্ডের ছোট ছোট ভিডিওর মধ্যে আটকে যাচ্ছে। একটি বই পড়তে হলে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে হয়। বইয়ের পাতায় পাতায় এগোতে হয়, চরিত্রের সঙ্গে পরিচিত হতে হয়, ঘটনার ভেতরে প্রবেশ করতে হয়। সেখান থেকে আনন্দ পেতে সময় লাগে। অন্যদিকে, একটি ছোট ভিডিও মুহূর্তের মধ্যেই বিনোদন দিচ্ছে। ফলে দীর্ঘ সময় নিয়ে বই পড়ার পরিবর্তে মানুষ তাৎক্ষণিক আনন্দের দিকে বেশি ঝুঁকছে। ধীরে ধীরে কমছে দীর্ঘ সময় ধরে পড়ার আগ্রহ ও মনোযোগ।

প্রযুক্তির প্রভাবে শুধু বই পড়ার অভ্যাস নয়, মানুষের সামাজিক সম্পর্কেও পরিবর্তন আসছে। ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের যোগাযোগব্যবস্থাকে সহজ করেছে। পৃথিবীকে এখন বলা হচ্ছে বৈশ্বিক গ্রাম বা গ্লোবাল ভিলেজ। প্রযুক্তির কল্যাণে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করতে পারছে। দূরত্ব কমেছে, যোগাযোগ বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে প্রকৃত সম্পর্ক ও আন্তরিকতা কি একইভাবে বাড়ছে? একবার ভেবে দেখুন, এত মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকার পরও মানুষ কেন একাকিত্বে ভুগছে? সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো বন্ধু ও অনুসারী থাকা সত্ত্বেও অনেকের জীবনে একাকিত্ব কাজ করছে। অর্থাৎ, যোগাযোগের সুযোগ বাড়লেও মানুষের মধ্যে গভীর সম্পর্ক সব সময় তৈরি হচ্ছে না। ভার্চুয়াল জগতে অধিক সময় কাটাতে গিয়ে অনেকেই বাস্তব জীবনের সম্পর্ক, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন।

বইতে ফিরে আসা যাক। বই পড়া কেবল অবসর কাটানোর মাধ্যম নয়; এটি মানুষের চিন্তাশক্তি, যুক্তিবোধ, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশে সাহায্য করে। একজন মানুষ যখন বই পড়েন, তখন তিনি শুধু অন্যের গল্প জানেন না, নিজের জীবনকেও নতুনভাবে উপলব্ধি করতে শেখেন। একটি বই হয়তো একজন মানুষকে একদিনে পরিবর্তন করতে পারে না, কিন্তু নিয়মিত বই পড়ার অভ্যাস একজন মানুষের চিন্তা ও জীবনবোধে ধীরে ধীরে পরিবর্তন আনতে পারে। বই মানুষের মধ্যে সহমর্মিতা, বিবেচনাবোধ ও ইতিবাচক চিন্তা গড়ে তুলতে সহায়তা করে। একাকিত্বের সময়ে বই হতে পারে সুন্দর একজন সঙ্গী। বইয়ের সঙ্গে সময় কাটানো মানুষকে নিজের চিন্তার জগৎ সমৃদ্ধ করার সুযোগ দেয়।

বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা, অপরাধপ্রবণতা, একাকিত্ব ও মানসিক হতাশা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এসব সমস্যার একক সমাধান বই পড়া নয়। তবে বই মানুষের চিন্তা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন আসছে। বিশেষ করে রাত জেগে স্মার্টফোন ব্যবহার করার প্রবণতা বাড়ছে। অনেকেই রাতের দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটিয়ে ভোরের দিকে ঘুমাতে যান। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এমন অভ্যাস দেখা যাচ্ছে। অথচ পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপন সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ। ফলে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার পড়াশোনা, ব্যক্তিগত কাজ ও অবসর—সবকিছুর ওপরই প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। এর ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজনও নেই। কিন্তু প্রযুক্তি যেন আমাদের সময়, মনোযোগ ও জীবনযাপনের নিয়ন্ত্রক হয়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর পাশাপাশি বই পড়ার জন্যও নির্দিষ্ট সময় রাখা প্রয়োজন। পরিবারে বই পড়ার পরিবেশ তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার ও পাঠচক্রের আয়োজন এবং শিশু-কিশোরদের পছন্দ অনুযায়ী বই পড়তে উৎসাহিত করা যেতে পারে।

গালিবা আনতারা সোয়ারা,শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়