ড. সাজ্জাদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে ভয়াবহ রকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ এবং প্রতিকার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার মাসুদ রানা।
ঠিক হঠাৎ বলা যায় না। খুলনায় সহিংসতা ও হত্যাকাণ্ড বৃদ্ধির পেছনের পটভূমি ও একাধিক কারণ বিশ্লেষণের দাবি রাখে। এ ক্ষেত্রে খুলনায় একের পর এক কলকারখানা বন্ধ হয়ে সৃষ্ট মাত্রাতিরিক্ত বেকারত্বের সুযোগ নিয়ে সন্ত্রাসী চক্রগুলো অর্থ ও মাদকের প্রলোভনে কর্মহীন যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা বর্তমানে অঞ্চলটিকে আতঙ্কের জনপদ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে। সন্ত্রাসী গ্রুপগুলোর এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং সীমান্তপথে আসা মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা অনেকাংশে দায়ী। মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, ঘের দখল, ঠিকাদারি নিয়ন্ত্রণ—এসব মিলিয়ে সেখানে একটা পেশাদার অপরাধী বাহিনীর অপরাধচক্র গড়ে উঠেছে।
পাশাপাশি, অপরাধীদের জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়া এবং প্রতিশোধের ভয়ে ভুক্তভোগীদের মামলা বা সাক্ষ্য প্রদানে অনীহা অপরাধপ্রবণতাকে বাড়তি মাত্রা দিচ্ছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন এবং ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের অন্তর্কোন্দল সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
মনে রাখতে হবে, খুলনা ভারতের সীমান্তবর্তী নৌবন্দরসমৃদ্ধ এলাকা। ফলে এর ভৌগোলিক অবস্থানও আতঙ্কের জনপদ হয়ে ওঠার কারণ ব্যাখ্যার দাবি রাখে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, কিংবা ভারত তাঁকে প্রত্যর্পণ করবে কি করবে না—তা নিয়ে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে নানা হিসাবনিকাশ চলছে। এসবই মাঠপর্যায়ের রাজনৈতিক অর্থনীতির সমীকরণকে প্রভাবিত করছে বলেই অনুমান।
রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার পাশাপাশি আমি প্রাথমিকভাবে এর দায় সরকারের ওপর দেব। রাষ্ট্রের কাঠামোর ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সক্রিয় থাকার কথা, জননিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু তাদের এই সম্মিলিত ব্যর্থতাকে শেষ পর্যন্ত সরকারের ব্যর্থতাই বলতে হয়। একটি হত্যাকাণ্ডের পর যখন ধারাবাহিকভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হত্যাকাণ্ড ঘটতে থাকে এবং মাত্র কয়েক মাসের মধ্যে ৭১টি হত্যার মতো ঘটনা ঘটে, তখন সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারে না।
তবে এর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, যা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনী হলো পুলিশ। অথচ বর্তমানে সেই পুলিশের মানসিক ও প্রাতিষ্ঠানিক অবস্থা বেশ নাজুক। স্থান-কাল-পাত্রভেদে পুলিশের এই দুর্বলতা ও নিষ্ক্রিয়তার সুযোগটাই সংগঠিত অপরাধী চক্রগুলো কাজে লাগাচ্ছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো অপরাধচক্র গড়ে উঠতে পারে না, আর গড়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী হয় না। মূলত তৃণমূল পর্যায় থেকে শুরু করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, পুলিশ প্রশাসনের চিহ্নিত অংশ এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের সমন্বয়ে একটি শক্তিশালী নেক্সাস গড়ে ওঠে, যার মূল চালিকাশক্তি হলো অবৈধ মাদক কারবার ও রাতারাতি অর্জিত অঢেল কালোটাকা। এই বলয়ের ভেতরেও আধিপত্য ও নিয়ন্ত্রণের প্রতিযোগিতা চলে। এই যেমন, কার অধীনে কোন গ্রুপ থাকবে, কার প্রভাব কতটুকু, নির্বাচনে কে কাকে অর্থায়ন ও সমর্থন দেবে কিংবা কার আশীর্বাদে কে প্রার্থী হবেন, তা নিয়ে নানা হিসাবনিকাশ কাজ করে। পারস্পরিক এই স্বার্থের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অপরাধীকে গ্রেপ্তার করলে রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকেরা তাদের ছাড়িয়ে নিতে বা জামিনের ব্যবস্থা করতে সরাসরি সহযোগিতা করেন।
তত্ত্বগতভাবে বৈশ্বিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলেও দেখা যায়, রাজনৈতিক শক্তি, রাষ্ট্রযন্ত্রের একাংশ এবং অপরাধজগতের এই সম্মিলন একটি পরিচিত বাস্তবতা। খুলনার বর্তমান পরিস্থিতিকেও এই কাঠামোগত প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে শিকড় গেড়ে বসা এই অপরাধচক্রগুলো গণ-অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় পুলিশের মানসিক শক্তি ও মনোবলের ঘাটতির সুযোগ নিয়েছে, যার ফলে খুলনা আজ সন্ত্রাস ও সহিংসতার এক বিপজ্জনক হটস্পটে পরিণত হয়েছে।
এই পরিস্থিতির পেছনে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক দুর্বলতা, একাধিক অপরাধী চক্রের সক্রিয়তা, খুলনার শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে সৃষ্ট বেকারত্ব, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার এবং ঘের দখলকেন্দ্রিক দ্বন্দ্ব ভূমিকা রাখছে। কর্মহীন তরুণদের অর্থ ও মাদকের প্রলোভনে অপরাধে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি আইনি সুরক্ষা ও প্রতিশোধের আশঙ্কায় অনেক ভুক্তভোগী অভিযোগ না করে নীরবে চাঁদা দিচ্ছেন কিংবা এলাকা ছাড়ছেন। ফলে চাঁদাবাজি ক্রমেই রাষ্ট্রীয় আইনের বাইরে একটি অপরাধী নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি করছে।
পুলিশের অভিযান ও আশ্বাস গুরুত্বপূর্ণ হলেও মানুষের আস্থা ফিরিয়ে আনতে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পেশাদার পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং অভিযোগকারীদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই ভয়ের এই সমান্তরাল শাসন ভেঙে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারে। আমাদের সবার উচিত হবে সরকারের ওপর জোরালোভাবে তাগিদ বজায় রাখা। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে প্রথম সারির মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা।
প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ কঠিন, তবে অসম্ভব নয়। উন্নত বিশ্বে এর নজির আছে। প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া যায় এ ক্ষেত্রে। প্রশ্ন হলো, সরকারের সেই সদিচ্ছা আছে কি না। এ নিয়ে জনগণের সন্দেহ একবার বাড়তে থাকলে সেটা সরকারের জন্যই ক্ষতিকর।
সরকার যদি প্রযুক্তিগতভাবে দক্ষ ও জনবলসমৃদ্ধ একটা কাঠামো গড়ে তুলতে চায়, তার জন্য অর্থের অভাব নেই। সরকারের বাজেট আছে। মানুষের প্রধান চাওয়া দুটি। একটি হলো, জীবনধারণের উপায়। আরেকটি নিরাপত্তা। খাদ্যের সংস্থান কমবেশি সবারই আছে, কিন্তু নিরাপত্তাহীনতা মানুষকে ভোগাচ্ছে। এই নিরাপত্তাহীনতা চলতে থাকলে, আর সরকার যদি বাজেট বরাদ্দে কার্পণ্য করে কিংবা দেখেও না দেখার ভান করে, তাহলে দিনশেষে সরকারেরই ভাবমূর্তি নষ্ট হবে। আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। তাই সরকারকে এ কাজে আগ্রহী হতে হবে, প্রযুক্তির অগ্রগতি নিশ্চিত করতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলো অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট হায়ার করে থাকে। আমাদের যদি দক্ষ জনশক্তি না থাকে, সেখানে ম্যানেজমেন্ট হায়ার করা যেতে পারে। আইটি সেক্টরে সেবা দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ প্রস্তুত আছে।
পুলিশ মোটাদাগে অনেকটাই ডিমোরালাইজড। অর্থাৎ বাহিনীর সদস্যদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। কারণ একটা পেশাদার বাহিনী যখন দীর্ঘ সময় একটা রাজনৈতিক আদর্শ দ্বারা পরিচালিত ও প্ররোচিত হয়, তারপর হঠাৎ সেই সরকারের পতন হয়, তখন তাদের মনোবল অনেক কমে যায়। তবে এটা সরকারের জন্য অজুহাত হতে পারে না। সরকারের উচিত পুলিশকে আস্থায় নেওয়ার চেষ্টা করা, যার দৃশ্যমান কোনো লক্ষণ নেই। তাদের প্রাতিষ্ঠানিক জবাবদিহির আওতায় রেখে স্বাধীনভাবে কাজ করতে উৎসাহিত করাই হবে সরকারের প্রধান কাজ। অন্যথায় রাজনৈতিক হস্তক্ষেপ থেকে যাবে। পাশাপাশি, সরকারের উচিত দলীয় নেতা-কর্মীদের মধ্যে যারা এ ধরনের অপরাধে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির আওতায় আনা। মনে রাখতে হবে, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।
পুলিশকে পুরোপুরি সক্রিয় করতে না পারার পেছনে দীর্ঘদিনের কাঠামোগত সংকট দায়ী। বছরের পর বছর ধরে বিগত সরকারগুলো পুলিশকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার একটি দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে বাহিনীটির ভেতরে পেশাদারত্ব ও স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। এর পাশাপাশি পুলিশ সদস্যদের বেতনকাঠামো এবং অমানবিক কর্মঘণ্টা—এ সবকিছু মিলিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে ভীষণ চাপে থাকে। খুলনার মতো একটি জায়গা, যা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের হটস্পটে পরিণত হচ্ছে, সেখানে পুলিশকে কার্যকর করতে হলে কিছু মৌলিক পরিবর্তন জরুরি। এই যেমন, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, তবে তা অবশ্যই প্রাতিষ্ঠানিক জবাবদিহির আওতায় রেখে। কোনো পুলিশ সদস্য অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রাতিষ্ঠানিক আইনে, অপরাধের মাত্রার সমানুপাতিক—রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করে নয়। পুলিশ বিভাগে দুর্নীতিগ্রস্ত সদস্যের সংখ্যা আসলে খুব বেশি নয়। তাঁদের যদি অন্তত ৮ ঘণ্টার স্বাভাবিক কর্মঘণ্টা নিশ্চিত করা যায় এবং পদোন্নতি ও পুরস্কারের ব্যবস্থাটি রাজনৈতিক বিবেচনার বদলে পেশাদারত্বের ভিত্তিতে করা হয়, তবে তাঁরা নিজেরাই অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে উঠবেন।
আর এভাবেই পুলিশ সদস্যরা যখন অনুভব করবেন যে তাঁরা কোনো দলের নয়, বরং রাষ্ট্রের ও মানুষের নিরাপত্তার জন্য স্বাধীনভাবে কাজ করছেন এবং তাঁদের মানবিক অধিকারগুলো সুরক্ষিত আছে—তখনই তাঁরা সাহসের সঙ্গে খুলনাসহ সমাজের সকল স্তরে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিশেষ অভিযান সাময়িক সুফল বয়ে আনে ও বাহবা পাওয়া যায়। অভিজ্ঞতা থেকে বলা যায়, এক-দুই মাস, এমনকি এক বছর হয়তো নিরাপত্তা বেশ ভালো কাজ করবে। কিন্তু দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে এই সুফল স্থায়িত্ব পাবে না।
আরেকটা বড় বিষয় হলো, সম্প্রতি আওয়ামী লীগ সহিংসভাবে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চাইছে বলে মনে হচ্ছে। সরকারের ওপর চাপ বাড়ছে। সরকার কোন দিকে মনোযোগ দেবে, তা নিয়ে দ্বিধায় আছে। প্রাত্যহিক আইনশৃঙ্খলা রক্ষার দিকে, অর্থাৎ যারা অর্থনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে খুনোখুনি করছে তাদের নিয়ন্ত্রণের দিকে, নাকি চলমান আওয়ামী লীগের সহিংস রাজনীতি নিয়ন্ত্রণের দিকে?
আমার কাছে মনে হয়, সরকার এখন মানবাধিকারের মূল বিষয়গুলো রক্ষা করে একটা অভিযান চালাতে পারে। আর সেই অভিযান কেবল বিরোধী দল দমনের জন্য হলে সুখকর হবে না। সরকারের ভেতরের দুষ্কৃতিকারীদেরও সেই অভিযানের আওতায় রাখাটাই হবে সরকারের জন্য শুভ।
কিছু জরিপে দেখা যাচ্ছে, সরকারের চেয়ে ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তা বেশি। এটা আপাত দৃষ্টিতে দলীয় নেতা-কর্মীদের রোমান্টিসিজম দিচ্ছে এ কথা সত্য। তবে দীর্ঘ মেয়াদে এর সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নতির জন্য সরকারের ভূমিকার উপর জনগণের আস্থা ও জনপ্রিয়তার বৃদ্ধিতে কাজ করতে হবে।
পুলিশ যখন পুলিশ বাহিনীর সদস্যদের রাতে একা চলাচল না করার পরামর্শ দেয়, তখন তা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারও স্পষ্ট ইঙ্গিত। তবে জনমনে গেঁথে থাকা ভয় ও আস্থাহীনতার এই সমীকরণ ভাঙতে হলে কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এই পরিবর্তনের শুরুটা করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর থেকেই। যে পুলিশ সদস্যরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, সবার আগে তাঁদের পর্যাপ্ত সুরক্ষা, আধুনিক সরঞ্জাম ও আইনি সহায়তা দিয়ে মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, যাতে তাঁরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরপরই পুরো শহর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে আধুনিক প্রযুক্তিগত নজরদারির আওতায় এনে গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে, যেন যেকোনো অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধ করা যায়। এর পাশাপাশি সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা যেন সশরীরে থানায় না গিয়েও পরিচয় গোপন রেখে নিরাপদে তথ্য বা অভিযোগ জানাতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সংগৃহীত সেই তথ্যের ভিত্তিতে সমস্যার একদম গোড়ায় আঘাত হানতে হবে, যাতে নেপথ্যের মূল হোতারা কোনোভাবেই পার পেয়ে না যায়। একই সঙ্গে আজ থেকেই প্রতিদিনের অপরাধ ও পরিস্থিতির একটি সুনির্দিষ্ট রেকর্ড বা লগবুক সংরক্ষণ করে তার ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
দিনশেষে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বাস্তব কাজের মাধ্যমেই এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে যে এলাকায় আইনের শাসন ফিরে আসছে। সাধারণ মানুষ যখন নিজের চোখে দেখবে প্রশাসন সত্যিকার অর্থেই সক্রিয় এবং অভিযোগকারীরা নিরাপদ থাকছেন, কেবল তখনই সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর হয়ে হারানো আস্থা ফিরে আসবে।
আজকের পত্রিকা এবং আপনাকেও ধন্যবাদ।