বাংলাদেশে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে একক কোনো কারণ নেই। এটি কয়েকটি বিষয়ের সম্মিলিত প্রভাব। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং, গবেষণা সংস্কৃতি, আন্তর্জাতিক প্রচার এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক সহায়তা—এসব ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন। উন্নত বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে কার্যকর আন্তর্জাতিক অফিস ও শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা রয়েছে, যা বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদেরও এ ধরনের উদ্যোগ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদানের পাশাপাশি গবেষণাকেও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর গবেষণা সংস্কৃতি গড়ে উঠলে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতি করা সহজ হবে। এতে বিদেশি শিক্ষার্থীদের আস্থা ও আগ্রহ বাড়াবে। একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃত সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।
সরকার, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি মালয়েশিয়াসহ যেসব দেশে বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী যাচ্ছে, তারা কী ধরনের সুযোগ-সুবিধা ও নীতি অনুসরণ করছে, সেটিও বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
ড. এস এম হাফিজুর রহমান, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাবি