আইএমএফের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বিশ্বের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে অর্থনীতির আকার, ক্রয়ক্ষমতা ও প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী। চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়াবে ২ হাজার ৮৮৬ ডলারে, যেখানে ভারতের ক্ষেত্রে তা হবে ২ হাজার ৭৪৯ ডলার। বিগত কয়েক দশকের উচ্চ প্রবৃদ্ধির বাংলাদেশ এখন উচ্চ মূল্যস্ফীতি, বিদেশি বিনিয়োগের মন্দাভাব ও প্রবৃদ্ধির ধীরগতির দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। তার মধ্যে বিষফোড়া হচ্ছে বর্তমানে চলা পোশাক কারখানাগুলোতে অচলাবস্থা। তবে আইএমএফের আগামী পঞ্চবার্ষিক ২০২৭-২০৩১ প্রক্ষেপণে বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার ৩ শতাংশ ছুঁতে পারে বলে ধারণা। অপরদিকে শ্রীলঙ্কার ৩-এর ওপরে, পাকিস্তানের ৪-এর অধিক, নেপালের ৪ দশমিক ৯ শতাংশ, ভারতের প্রবৃদ্ধি সর্বাধিক ৬ দশমিক ৯ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের প্রবৃদ্ধির এই খরার কারণ ব্যক্তি বিনিয়োগ কমে যাওয়া, কর-জিডিপি অনুপাত এখন সর্বনিম্ন ৭-৮ হওয়া, দেশীয় শিল্প গ্রুপগুলোর মন্দা ব্যবসা, ব্যবসায়ে ব্যাংক ঋণের সুদ বেড়ে যাওয়া, সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়া, টাকার অবমূল্যায়নে আমদানি খরচ বেড়ে যাওয়া, জ্বালানির অভাব, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, ঋণের এক-তৃতীয়াংশ খেলাপিসহ সর্বোপরি সামষ্টিক অর্থনীতি বেকায়দায় থাকা।
২. বাংলাদেশের প্রায় ৩৮ বিলিয়ন ডলারের পোশাকশিল্প ও রেমিট্যান্সই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত মাছ ও সামুদ্রিক পণ্যের গুরুত্ব দিনে দিনে বাড়লেও সঠিক সরকারি প্রণোদনা ও দিকনির্দেশনা ছাড়া দেশীয় উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে টিকতে পারছে না। তাঁদের অভিযোগ, পোশাকশিল্প একচেটিয়া প্রণোদনা ভোগ করছে। রপ্তানিতে বৈচিত্র্য আনয়নের গল্প এক দশক ধরে চললেও কোনো দৃশ্যমান পরিবর্তন অনুভূত হচ্ছে না এখনো। বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) নেতারাই দেশের শিল্প-বাণিজ্যে, রাজনীতিতে প্রভাবশালী।
তবে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্ভরযোগ্য। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আসল ও সুদ ব্যয় বেড়ে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ১২৭ কোটি ৯০ লাখ ডলার থেকে ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি, যা একসময় শ্রীলঙ্কার মতো উচ্চমধ্যম আয়ের দেশ, ধসে পড়া অর্থনীতির কারণে, বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সংকট মিলিয়ে ২০২২ সালে সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি (সভরেন ডিফল্ট) হয়ে যায়। তবে মাত্র তিন বছরের মধ্যে আইএমএফের তত্ত্বাবধানে রাজস্ব আয়, মুদ্রানীতির সংস্কার ও বৈদেশিক ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি (২০২৫ সালে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি ৫ শতাংশ) শ্রীলঙ্কাকে ২০২৬ সালে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে নতুন উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা আবার ফিরিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এখান থেকে প্রলুব্ধ জ্ঞান কাজে লাগাতে পারে।
৩. দীর্ঘদিনের বিনিয়োগ খরা মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় বলে জাপান ঘোষণা দিয়েছে। বিশেষ করে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান। অপরদিকে, বিস্তর সুযোগ-সুবিধা বেশি থাকার পরেও দেশীয় খাতে ভারী শিল্প, সেবা খাত, শীর্ষ রপ্তানি খাত, পোশাক খাত, উন্নত যোগাযোগব্যবস্থা ও তুলনামূলক ভালো জ্বালানি সরবরাহ থাকার পরেও বর্তমানে ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির শতকরা ২২ ভাগ। অথচ, আজ থেকে ২৬ বছর আগে ২০০১ সালে বিএনপি আমলে ক্ষমতার শেষ লগ্নে কোনো প্রাতিষ্ঠানিক ও জনশক্তির উৎপাদনশীলতা ছাড়াই এই হার ছিল বর্তমানের মতো—শতকরা প্রায় ২১ ভাগ। এখন এই হারকে টেনে কমপক্ষে ২৫ ভাগের ওপর নিতে হবে।
সরকারি বিনিয়োগ দুর্নীতি বাড়ায়, সুশাসনের ঘাটতি তৈরি করে এবং জনগণের ঘাড়ে ঋণ-সুদের বোঝা
চাপায় ও ব্যক্তি ভোগ কমিয়ে দেয়। বিপরীতে ব্যক্তি বিনিয়োগ করে, নতুনত্ব আনে, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। তাই দলমত-নির্বিশেষে অর্থনীতির সব উদ্যোক্তাকে এক জায়গায় আনতে হবে। কে কোন দল ও মতের, তা প্রাতিষ্ঠানিকভাবে বিবেচনা না করে ভালো ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে। তবে ঋণখেলাপিদের থেকে সতর্ক থাকতে হবে। এভাবেই অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক। তবেই কাটবে দেশীয় বিনিয়োগের খরা।
৪. বর্তমান ভূরাজনৈতিক চাপ বাংলাদেশের জন্য স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রগুলো কিছুটা সীমিত করেছে। বিশ্বের বড় দেশগুলোর রাজনীতির খেলার মাঠের ঘুঁটি হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত ও কেনাকাটা নিয়ে সরকার বেকায়দায় রয়েছে। সরকারের ব্যয়বহুল উড়োজাহাজ কেনা নিয়ে সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চাইছে তাদের থেকেও বাংলাদেশ ব্যয়বহুল উড়োজাহাজ কিনুক। ইতিমধ্যে বাংলাদেশ ও ইইউর মধ্যে এয়ারবাস কেনা নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাকের বেশির ভাগের গন্তব্য কিন্তু এসব উন্নত দেশের বাজারে। এবং নিম্নমধ্যম আয়ের দেশের সুবিধা নিয়ে সেসব দেশেই কিন্তু শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশি পণ্য অগ্রাধিকার পাচ্ছে। তাই বাংলাদেশকে ধীরে বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে হবে। যদিও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানিমূল্যের তুলনামূলক ন্যায্য ও যৌক্তিক দাম বিদেশি ক্রেতাদের বাজার এখনো ধরে রেখেছে।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) মতে, বাংলাদেশের অর্থনীতি মূলত তিন ধরনের কাঠামোগত ফাঁদে আটকা পড়েছে। যার প্রথমটি হলো পরিবারের ঋণ করে বা সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতা, দ্বিতীয়টি প্রবৃদ্ধি কমে যাওয়া, তৃতীয়টি প্রশাসনিক শাসনব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপে দুর্বল বাস্তবায়ন। মনে হয় বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড শেষ হতে চলেছে। এখন দৃশ্যমান অ্যাকশনে যেতে হবে।
ইতিমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর করতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এই নতুন পে-স্কেল কিন্তু বিএনপি সরকার ঘোষণা করেনি। এটা পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের কাজ। ২০২৪ সালের এক হিসাবে দেখা যায়, সরকারের মোট যে রাজস্ব আয়, তার ৪৩ শতাংশই ব্যয় হয়ে যায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতায়। নতুন পে-স্কেলের কারণে তা এখন হবে ৫৫ শতাংশের বেশি ব্যয়। সরকারি হিসাবেই পৌনে ৭ কোটির মতো কর্মজীবীর মধ্যে কৃষিজীবী, শ্রমজীবী, দিনমজুর বাদ দিয়ে প্রায় কমপক্ষে দেড় কোটি বেসরকারি পর্যায়ে চাকরিজীবী রয়েছেন। তাঁদের কথা না ভেবে সরকার শুধু ২০ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীর কথা ভাবল। এতে তীব্র অর্থকষ্টে থাকা সাধারণ মানুষ দুঃখ পেয়েছে।
তাই সাধারণের স্বস্তি আসে, এমন অর্থনৈতিক উদ্যোগ সরকারকে দৃশ্যমান করতে হবে। সরকারকে বড় কেনাকাটা থেকে দূরে থেকে মানুষের দৈনন্দিন কষ্ট লাঘব হয়, এমন প্রকল্প বেশি করে দৃশ্যমান করতে হবে। সঙ্গে দেশীয় ক্ষুদ্র ও মধ্যম আয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের পথ করে দিতে হবে। তবেই অর্থনীতিতেও সরকার সফল হবে।
লেখক: ড. রাজীব চক্রবর্তী, গবেষক ও পরিচালক , চট্টগ্রাম উন্নয়ন গবেষণা কেন্দ্র