এ বছর সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী চলছে। সারা দেশে সুকান্ত শতবর্ষ তেমনভাবে পালন করা হয়নি। কিন্তু একটা অদ্ভুত সাড়া জাগানো ঘটনা ঘটল খুলনায়। অনেক দিন ধরেই বিপুল প্রস্তুতি নিয়ে শতবর্ষ উদ্যাপন কমিটি করেছে, যার প্রধান উদ্যোক্তা শিল্পী মিনা মিজান। এর আগেও খুলনায় এসেছি, বিভিন্ন ধরনের সম্মেলনে, নাটক মঞ্চায়নের জন্য। একটা বেশ স্বতঃস্ফূর্ত আয়োজন দেখতে পেয়েছি। একটা সংস্কৃতির অন্তঃপ্রবাহ খুলনায় বহুদিন যাবৎ আছে। সেই অনেক আগেই সন্দীপন সাহিত্য সংঘ সারা দেশেই পরিচিত ছিল। গণসংগীত এবং আবৃত্তিচর্চা এখানে খুবই চোখে পড়ার মতো। বামপন্থী আন্দোলনও একসময় এই এলাকায় সচল ছিল। সেই পাকিস্তান আমলে নকশালবাড়ি আন্দোলনের ঢেউও এখানে লেগেছিল। বর্তমানে বাংলাদেশে যেখানে সংস্কৃতিচর্চার যেন একটা অস্থিরতা এবং বন্ধ্যাত্ব চলছে, সেখানে কিছুদিন আগেও রবীন্দ্রসংগীতের একটা বড় সম্মেলন হয়ে গেল। তবে সুকান্তের বিষয়টি একেবারেই আলাদা।
সুকান্ত মাত্র ২১ বছর বেঁচেছেন। এই ২১ বছরের মধ্যে বড়জোর কত দিন তাঁর সাহিত্যকর্ম করতে পেরেছেন, তা সহজেই অনুমান করা যায়। কিশোর বয়সেই কবিতা লেখা শুরু করেন ও সুভাষ মুখোপাধ্যায়দের মতো কবিদের কাছে গিয়ে কবিতা দেখাতেন, তাঁদের পরামর্শ নিতেন এবং আবার নতুন করে লিখতেন। তাঁর লেখার বিষয়বস্তু দাঁড়িয়েছিল মানুষের সংগ্রাম, ক্ষুধা, দারিদ্র্য ও উজ্জীবন তথা মানুষের মুক্তির সংগ্রাম। তাঁর কবিতা ‘মহাজীবন’ পড়লেই বোঝা যায়, তিনি কী বলতে চাইছেন? ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি, ক্ষুব্ধ স্বদেশভূমি। হিসাবের খাতা যখনই নিয়েছি হাতে, তখনই দেখেছি, রক্ত খরচ তাতে’। আবার এই কবিতারই শেষ লাইন হচ্ছে, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। পূর্ণিমার চাঁদ যেমন মানুষের অগম্য, তেমনই দরিদ্র, বঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হলেও, তা ধরাছোঁয়ার বাইরে। তাঁর এই একুশ বছরের জীবনে এত গভীর উপলব্ধি রীতিমতো অবাক করার মতো।
সুকান্ত ভট্টাচার্য কৈশোরেই রবীন্দ্রনাথ, নজরুলের সংস্পর্শ পেয়েছেন, বিশেষ করে নজরুল তাঁকে প্রভাবিত করেও থাকতে পারেন। তাঁর জন্মের আগে ১৯২১ সালে কবি নজরুল ‘বিদ্রোহী’ কবিতাটি রচনা করেন। সেই কবিতায় প্রথম একজন কবির সর্বাত্মক বিদ্রোহের আগুন ঝলসে ওঠে। নজরুলের কবিতা, গান ও উপন্যাসে সর্বত্রই দারিদ্র্য, ধর্মীয়, অসাম্প্রদায়িকতা এবং সাম্যের কথা বারবার উঠে এসেছে। সেই তুলনায় সুকান্তের রচনা অতটা ব্যাপক না হলেও যে কাব্যময়তা বিপুলসংখ্যক মানুষকে প্রভাবিত করেছে, তা বিস্ময়কর। তিনি মৃত্যুর আগে কমিউনিস্ট পার্টিরও সদস্য হয়েছিলেন। কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবেও সারা দেশ ঘোরার সুযোগ হয়েছিল তাঁর। তিনি খুব কাছ থেকে মানুষের অভাব দেখেছেন, ভয়াবহ দারিদ্র্য দেখেছেন, দ্বিতীয় মহাযুদ্ধের বিভীষিকা দেখেছেন, ভ্রাতৃঘাতী দাঙ্গা দেখেছেন। এবং দেশ বিভাগের বিভীষিকাও দেখেছেন। তাঁর ক্ষুদ্র জীবনে এসবকেই উচ্চতর নান্দনিকতায় প্রকাশ করে গেছেন। কিন্তু তাঁর মধ্যে তারুণ্য এমনভাবে উপস্থিত যে শতবর্ষ পরেও আমরা তাঁকে ২১ বছরের কবি হিসেবেই দেখি। এ আশ্চর্য কাব্যিক অভিযাত্রা।
ফেরা যাক খুলনার অনুষ্ঠান বিষয়ে। ১৯ নভেম্বর বিপুল আয়োজন করে খুলনা শহরের উন্মুক্ত প্রাঙ্গণ, শহীদ হাদিছ পার্কে উদ্বোধনী অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু সেটি প্রবল বর্ষণের ফলে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অনুষ্ঠানটিকে নিয়ে আসা হয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির ছোট্ট মিলনায়তনে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরের দিনও হয়তো এখানেই পরবর্তী দুই দিনের অনুষ্ঠান করতে হবে। আর একটি বিপর্যয় হলো, আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা, সুকান্তের একটি ‘মোরগের কাহিনী’ কবিতা অবলম্বনে নাটকটিরও প্রথম প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। কিন্তু পরিবহন-বিভ্রাটের কারণে তাদেরও আসা সম্ভব হলো না। রেল কর্তৃপক্ষ ১৯ নভেম্বরের রাতের ট্রেনটি বাতিল করে দেয়। ২১ নভেম্বরের অনুষ্ঠানটিও আশা করা যায়, যদি আবহাওয়া ঠিক থাকে, তাহলে ভালোভাবেই শতবর্ষ পালনটি সম্ভব হবে। এত কিছুর পরেও আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটির উদ্বোধনে উপস্থিত থেকে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা এবং উপজেলা থেকে আগত শিল্পীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ করেছি। শিশু থেকে শুরু করে পরিণত বয়সের শিল্পীরা আবৃত্তিতে, গানে, মানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ‘অবাক পৃথিবী’ নামে ৩০৪ পৃষ্ঠার একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর প্রকাশনা উৎসবটিও উদ্বোধনী দিনে হয়ে যায়। দেশের ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লেখকদের লেখা নিয়ে প্রকাশিত এই গ্রন্থটিতে সুকান্ত ভট্টাচার্যের জীবন এবং সাহিত্যকর্মের একটা সার্বিক পরিচিতি পাওয়া সম্ভব হবে। তিনি কবিতা রচনার পাশাপাশি ছড়াও লিখতেন। তাঁর ‘পুরনো ধাঁধা’য় তিনি লেখেন—
বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?/গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?/বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,/গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?/বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,/কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?/ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,/গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।/বলতে পার ধনীর মুখে যারা যোগায় খাদ্য,/ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?...
এত সরল সাধারণ ভাষায় শ্রেণিবৈষম্যকে তিনি বারবার তুলে ধরেছেন। তাঁর সময়ে তিরিশের কবিরা যখন আধুনিক কবিতার জন্য লড়াই করছেন, পাশ্চাত্যের কবিরা খুব ভালোভাবেই ঢুকে পড়েছেন বাংলা সাহিত্যে, সেই সময় একজন অতি সাধারণ ভাষায় লেখা কবিতা, কোনো দুর্বোধ্যতা এবং কঠিন উপমা নিয়ে কবিতা লিখলেও তা পাঠকদের কাছে নতুন কবিতার স্বাদ দিতে সক্ষম হচ্ছে।
আজ শতবর্ষ পরে, পৃথিবী নানাভাবে বদলে গেলেও সুকান্ত কী করে সমসাময়িক থাকছেন, এটাও কিন্তু ভাববার বিষয়। এই শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে একটি শিশুর কণ্ঠে যখন সুকান্তের ছড়া শুনি, আবার পরিণত কণ্ঠে তাঁর কাব্য শুনি, তখনই মনে হয়, কী আশ্চর্য ক্ষমতা তাঁর কাব্যের।
আমার বিশ্বাস, খুলনার এই শতবর্ষের অনুষ্ঠান নানাভাবে আমাদের সৃজনশীল লেখকদের এবং উৎসাহী পাঠকদের নানাভাবে অনুপ্রাণিত করবে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মিনা মিজান বহুদিন আগেই আমাকে বলেছিলেন, সুকান্তের একটি কবিতাকে কেন্দ্র করে আমি যেন একটি নাটক লিখি। সেই থেকে আমার সহকর্মী, তরুণ নাট্যকার অপু মেহেদীকে একটি ভাবনা ভাবতে বলি। আমিও আবার নতুন করে সুকান্তের কবিতা পড়তে গিয়ে দেখি, তাঁর কাব্যে অসাধারণ সব নাটকীয়তা রয়েছে। সেই নাটকীয়তা আবিষ্কার করতে গিয়ে আমরা একটি ‘মোরগের আত্মকাহিনী’ কবিতাটি খুঁজে পাই। কবিতাটির নাট্যরূপ দেওয়ার পর, অভিনেতা-অভিনেত্রী, এরাও বিষয়টিতে নতুন ভাবনা খুঁজে পান। অতঃপর মহড়ার মধ্য দিয়ে একটি মোটামুটি পূর্ণাঙ্গ নাটকের চেহারা খুঁজে পাওয়া যায়। যদিও আমরা বিশ্বাস করি, দর্শকের সামনে অভিনীত না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যায় না। তবে আমাদের বিশ্বাস, দর্শকের কাছে ভালো লাগতেও পারে।
আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি অভিনীত হবে। সেই সঙ্গে আমরাও সুকান্ত জন্মশতবর্ষ পালন করব। গান, নৃত্য এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে। যদি নাটকটি দর্শকদের ভালো লাগে, তাহলে আমরা বিভিন্ন জায়গায় নাটকটির অভিনয় করব।
আমাদের আকাঙ্ক্ষা, সুকান্ত তাঁর সংগ্রামী চেতনা নিয়ে আজকের এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে নতুন করে আশার সৃষ্টি করুক।