যেকোনো ভোক্তা-আইন নিয়ে প্রথম প্রশ্ন হলো, এই আইন কাকে রক্ষা করবে? ‘ভোক্তা’ ও ‘সেবা’র সংজ্ঞা কি শুধু আইনের নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে থাকবে? যাঁরা সেই সীমার বাইরে পড়েন, তাঁরা আইনের সুরক্ষা কীভাবে পাবেন? ২০২৬ সালের খসড়া ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ (সংশোধন) আইনে’ এই সীমা কিছুটা সরানো হয়েছে। এতে স্বাস্থ্যসেবা যুক্ত হয়েছে, সেবার তালিকা বেড়েছে এবং ডিজিটাল কমার্স আইনের আওতায় এসেছে। কিন্তু তিনটি বড় প্রশ্নের উত্তর এখনো মেলেনি: বিনা মূল্যের ডিজিটাল সেবার ব্যবহারকারী কি ভোক্তা? স্বাস্থ্যসেবাকে ভোক্তা-আইনের আওতায় আনতে গিয়ে খসড়া কি চিকিৎসাব্যবস্থার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে? দুর্বল ও ঝুঁকিতে থাকা ভোক্তাদের জন্য আইনে আলাদা কিছু আছে কি?
খসড়ায় ‘ভোক্তা’র সংজ্ঞা দাঁড়িয়ে আছে মূল্য পরিশোধ বা মূল্য পরিশোধের প্রতিশ্রুতির ওপর। ‘সেবা’র সংজ্ঞায় স্পষ্ট বলা আছে, বিনা মূল্যে দেওয়া সেবা এর অন্তর্ভুক্ত নয়। ২০০৯ সালের বাস্তবতায় এটি স্বাভাবিক ছিল, কিন্তু ২০২৬ সালে আর চলে না। বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ‘বিনা মূল্যের’ সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিন, ম্যাপ, ভিডিও ও মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। তাঁরা টাকা দেন না, কিন্তু দেন ব্যক্তিগত তথ্য। বিজ্ঞাপন-অর্থনীতিতে এই তথ্যই সবচেয়ে মূল্যবান পণ্য। অথচ প্রতারণামূলক অ্যাপ, ঋণের ফাঁদ, ভুয়া ‘ফ্রি ট্রায়াল’ (যা পরে নিজে থেকেই চার্জে বদলে যায়) কিংবা ব্যবহারকারীর তথ্য অসাধুভাবে বিক্রি—এসবের কোনোটিই এ আইনের আওতায় আসে না।
আন্তর্জাতিক উদাহরণ অন্য কথা বলে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্ট নির্দেশনা এমন চুক্তিকেও ভোক্তা-সুরক্ষার আওতায় এনেছে, যেখানে ভোক্তা অর্থের বদলে ব্যক্তিগত তথ্য দেন। ২০১৮ সালে ইতালির প্রতিযোগিতা ও ভোক্তা কর্তৃপক্ষ ‘বিনা মূল্যে’ দাবির বিভ্রান্তিকর ব্যবহারের জন্য ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তাই বাংলাদেশের খসড়ায় ভোক্তার সংজ্ঞা বাড়িয়ে ‘অর্থ বা ব্যক্তিগত তথ্য প্রদানের বিনিময়ে’ করা দরকার। একই সঙ্গে ‘বিনা মূল্যের’ বিজ্ঞাপনে প্রকৃত খরচ এবং তথ্য কীভাবে ব্যবহার হবে, তা স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক করা প্রয়োজন। এতে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার শিকার সাধারণ মানুষ আইনি আশ্রয় পাবেন।
খসড়ায় এবার ‘সেবা’র তালিকায় স্বাস্থ্যসেবা যুক্ত হয়েছে। এ জন্য জাতীয় পরিষদে স্বাস্থ্যসেবা বিভাগের একজন প্রতিনিধিও রাখা হয়েছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অতিরিক্ত বিল, অপ্রয়োজনীয় পরীক্ষা এবং রোগীকে জিম্মি করার অভিযোগ বাংলাদেশে নতুন নয়। ভোক্তা-আইনের আওতায় এসব সমস্যার প্রতিকার পাওয়া একটি ন্যায্য প্রত্যাশা।
তবে এর সঙ্গে একটি জটিলতাও আছে। খসড়ার ২০ (ড) ধারায় সেবাদাতার ‘অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা’র কারণে সেবাগ্রহীতার যেকোনো ক্ষতিকে নতুনভাবে ‘ভোক্তা-অধিকার-বিরোধী কার্য’ বলে যোগ করা হয়েছে। চিকিৎসাসেবার ক্ষেত্রে এর অর্থ দাঁড়াতে পারে, চিকিৎসক বা হাসপাতালকে ফৌজদারি অপরাধের ঝুঁকিতে ফেলা।
চিকিৎসার ফল সব সময় রোগীর আশা অনুযায়ী হয় না। জটিলতা অনেক সময় রোগের কারণেই ঘটে, চিকিৎসকের গাফিলতিতে নয়। যেকোনো ‘ক্ষতি’কে অপরাধের কাঠামোয় ফেললে চিকিৎসকেরা ঝুঁকিপূর্ণ রোগী এড়িয়ে চলতে পারেন, নিজেকে বাঁচাতে অপ্রয়োজনীয় পরীক্ষা করতে বলতে পারেন এবং জটিল অস্ত্রোপচারে অনীহা দেখাতে পারেন। এর মূল্য শেষ পর্যন্ত রোগীকেই দিতে হয়। অন্য দেশের উদাহরণ দেখা যাক। ভারতের সুপ্রিম কোর্ট জ্যাকব ম্যাথিউ মামলায় (২০০৫) বলেছেন, চিকিৎসকের ফৌজদারি দায় আসবে কেবল চূড়ান্ত বা গুরুতর অবহেলায়, সাধারণ ভুলে নয়। যুক্তরাজ্যেও চিকিৎসাজনিত মৃত্যুর ফৌজদারি অভিযোগ ‘গুরুতর অবহেলা’র কঠিন মানদণ্ডে সীমিত।
নিউজিল্যান্ড ও সুইডেনে ‘নো-ফল্ট’ ক্ষতিপূরণ-ব্যবস্থা আছে। সেখানে কার দোষ, তা বিচার না করেই রোগী ক্ষতিপূরণ পান, দোষ প্রমাণ করতে হয় না।
বাংলাদেশের জন্যও একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়া সম্ভব। তাতে থাকতে পারে বিলে স্বচ্ছতা, অর্থাৎ বিস্তারিত বিল দেওয়ার বাধ্যবাধকতা এবং চিকিৎসার আনুমানিক খরচ আগে জানানো, রোগীর অধিকার-সনদ, রোগীর অভিযোগ নিষ্পত্তির স্বাধীন ব্যবস্থা, চিকিৎসা-অবহেলার মামলায় বিশেষজ্ঞ-প্যানেলের প্রাথমিক মূল্যায়ন। ফৌজদারি দণ্ড শুধু চূড়ান্ত অবহেলা, প্রতারণা ও অনুমোদনবিহীন চিকিৎসার জন্য রাখা হোক। সাধারণ ক্ষতির ক্ষেত্রে প্রশাসনিক ও দেওয়ানি ক্ষতিপূরণ-ব্যবস্থা চালু করাই যুক্তিসংগত হতে পারে।
সব ভোক্তা সমান ক্ষমতাবান নন। গ্রামের প্রবীণ নাগরিক, স্বল্পশিক্ষিত নারী, শিশু ও কিশোর, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবাসী শ্রমিকের পরিবারের পক্ষে অনলাইন প্রতারণা, জটিল শর্ত বা চাপ-প্রয়োগের ব্যাপারগুলো জানা সহজ নয়। খসড়ার তুলনামূলক বিবরণীতে এই গোষ্ঠীগুলোর জন্য আলাদা কোনো সুরক্ষা-বিধান আমার চোখে পড়েনি। অন্য দেশে এ নিয়ে স্পষ্ট ব্যবস্থা আছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যায্য বাণিজ্যচর্চা নির্দেশনায় ‘ঝুঁকিপূর্ণ ভোক্তা’র ধারণা স্পষ্ট করে বলা হয়েছে। ব্যবসায়ীর আচরণ বিচার করার সময় এই গোষ্ঠীর দুর্বলতা বিবেচনায় নিতে বলা হয়েছে। যুক্তরাজ্যের আর্থিক আচরণ কর্তৃপক্ষ ‘কনজিউমার ডিউটি’ (২০২৩) চালু করে আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বল গ্রাহকের প্রতি বাড়তি দায়িত্ব দিয়েছে। কানাডার কুইবেক প্রদেশ ১৩ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।
বাংলাদেশের খসড়ায় ‘ঝুঁকিতে থাকা ভোক্তা’র সংজ্ঞা যোগ করা এবং এই গোষ্ঠীর জন্য কয়েকটি বিধান রাখা হলে ভালো হবে। যেমন এই গোষ্ঠীকে লক্ষ্য করে চাপ দিয়ে বিক্রির বিপণন-কৌশলে বাড়তি নিষেধাজ্ঞা, শিশুদের জন্য ডিজিটাল বিজ্ঞাপনে নিয়ম, সরল বাংলা, অডিও ও ইশারা-ভাষায় তথ্য পাওয়ার অধিকার। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি বা ফোনে চাপ দিয়ে বিক্রির ক্ষেত্রে ‘ঠান্ডা হওয়ার সময়’ (কুলিং-অফ) রাখা দরকার। অর্থাৎ কয়েক দিনের মধ্যে চুক্তি বাতিল করার সুযোগ থাকা চাই। প্রবীণ ও গ্রামীণ ভোক্তার জন্য এটি কার্যকর সুরক্ষা হতে পারে।
প্রযুক্তির দিক থেকেও সবাইকে অন্তর্ভুক্ত করা জরুরি। ডিজিটাল অভিযোগ-ব্যবস্থা প্রশংসনীয়, কিন্তু যাঁদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা দরকার। যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, টেলিফোন-হটলাইন এবং ডাকযোগে অভিযোগ দেওয়ার ব্যবস্থা। নইলে ডিজিটাল প্রতিকার-ব্যবস্থা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষকে আরও দূরে ঠেলে দেবে।
খসড়ায় ডিজিটাল কমার্সের সংজ্ঞা থেকে অনলাইন ব্যাংকিং ও আর্থিক সেবাকে বাদ রাখা হয়েছে। এর যুক্তি সম্ভবত এই যে আর্থিক খাত বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবে মোবাইল আর্থিক সেবায় প্রতারণা, অ্যাপভিত্তিক ডিজিটাল ঋণের ফাঁদ, ভুল লেনদেনের টাকা ফেরত না পাওয়া এবং গ্রাহকসেবার জটিলতা সাধারণ মানুষের বড় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ব্যবস্থা যদি যথেষ্ট ভোক্তাবান্ধব না হয়, তাহলে সংজ্ঞা থেকে বাদ দেওয়ায় প্রতিকারের জায়গায় একটি ফাঁক থেকে যায়।
যুক্তরাজ্যে আর্থিক ন্যায়পাল এবং ভারতে রিজার্ভ ব্যাংকের সমন্বিত ন্যায়পাল-ব্যবস্থা আর্থিক ভোক্তার অভিযোগ স্বাধীনভাবে নিষ্পত্তির পথ দিয়েছে। তাই বাংলাদেশেও আর্থিক ভোক্তার জন্য বাংলাদেশ ব্যাংক ও অধিদপ্তরের মধ্যে স্পষ্ট রেফারাল-চুক্তি দরকার। একই সঙ্গে আর্থিক খাতের জন্য ন্যায়পাল-ব্যবস্থার পথও খোলা রাখা প্রয়োজন।
খসড়ায় ভোক্তার সংজ্ঞায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনের উদ্দেশ্যে পণ্য কেনা ব্যক্তিও আছেন। এটি ইতিবাচক। সেলাই-মেশিন কেনা দর্জি, ভ্যানগাড়ি কেনা শ্রমিক বা ছোট দোকানি পুরো ‘ব্যবসায়ী’র সুবিধা পান না, অথচ ক্ষতির ঝুঁকি তাঁদের বড় প্রতিষ্ঠানের মতোই। এই সংজ্ঞা ধরে রাখা উচিত। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার জন্য ‘অন্যায্য চুক্তি-শর্ত’ থেকে সুরক্ষাও বাড়ানো যেতে পারে।
আন্তর্জাতিকভাবে ভোক্তা-অধিকার বলতে আটটি মৌলিক অধিকার বোঝানো হয়: মৌলিক চাহিদা পূরণ, নিরাপত্তা, তথ্য, পছন্দের স্বাধীনতা, প্রতিনিধিত্ব, প্রতিকার, ভোক্তা-শিক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ। জাতিসংঘের ভোক্তা সুরক্ষা নির্দেশিকাও টেকসই ভোগের ধারণাকে এর অংশ করেছে।
বাংলাদেশের খসড়ার সংশোধনীগুলো পড়লে দেখা যায়, বিস্তারিত আলোচনা মূলত নিষেধ, নিবন্ধন ও দণ্ড নিয়ে। ভোক্তার অধিকারকে ইতিবাচক ভাষায় প্রতিষ্ঠা করার কাজ, অর্থাৎ ‘ভোক্তা কী পাবেন’ তা লিখে দেওয়া প্রায় অনুপস্থিত। অধিকারের স্পষ্ট স্বীকৃতি থাকলে আদালত ও নিয়ন্ত্রক সংস্থা আইনের ব্যাখ্যায় দিকনির্দেশ পায়। ভোক্তাও আত্মবিশ্বাস পান যে আইন তাঁর পক্ষে দাঁড়াবে।
একটি উদাহরণ নেওয়া যাক। ‘পরিবেশবান্ধব’, ‘প্রাকৃতিক’, ‘জৈব’, ‘প্লাস্টিকমুক্ত’ এসব পরিবেশ-সংক্রান্ত শব্দ বাজারে ভোক্তাকে টানে, অনেক সময় বাড়তি দামেও। প্রমাণ ছাড়া এমন দাবি ভোক্তার সদিচ্ছাকে বিভ্রান্ত করতে পারে। যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষের ‘গ্রিন ক্লেইমস কোড’ (২০২১) এবং এ-সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রণ-উদ্যোগ দেখায়, বিশ্বজুড়ে এ নিয়ে সতর্কতা বাড়ছে।
বাংলাদেশে অনলাইনে ‘অর্গানিক’, ‘বিশুদ্ধ’ ও ‘ভেজালমুক্ত’ ট্যাগ লাগানো পণ্যের ছড়াছড়ি। এই ধরনের দাবি যাচাইয়ের বিধান আইনে যুক্ত করা এবং দাবির প্রমাণ দেওয়ার দায় বিক্রেতার ওপর দেওয়া দরকার। তাহলে মিথ্যা বিজ্ঞাপনের বিধান আরও কার্যকর হবে।
একই সঙ্গে ভোক্তা-শিক্ষা ও প্রতিনিধিত্বের বিষয়টিও আইনে স্পষ্ট থাকা উচিত। এর মধ্যে আছে ভোক্তা সংগঠনের স্বীকৃতি ও সহায়তা, নীতি-প্রণয়নে তাদের মতামত দেওয়ার অধিকার এবং স্কুল-পাঠ্যক্রমে ভোক্তা-অধিকার অন্তর্ভুক্ত করা। এসব ছাড়া অধিকারের ভাষা অসম্পূর্ণ থেকে যাবে।
১. ভোক্তার সংজ্ঞা বাড়িয়ে ‘অর্থ বা ব্যক্তিগত তথ্যের বিনিময়ে’ সেবা গ্রহণকারীকেও এর অন্তর্ভুক্ত করুন। ‘বিনা মূল্যে’ বিজ্ঞাপনে প্রকৃত খরচ ও তথ্য-ব্যবহারের স্বচ্ছতা বাধ্যতামূলক করুন।
২. ২০ (ড) ধারায় চিকিৎসাসেবার ক্ষেত্রে ফৌজদারি দায় কেবল চূড়ান্ত অবহেলা, প্রতারণা ও অনুমোদনহীন চিকিৎসায় সীমিত করুন। বাকি ক্ষেত্রে প্রশাসনিক ও দেওয়ানি ক্ষতিপূরণের পথ চালু রাখুন।
৩. বেসরকারি স্বাস্থ্যসেবায় বিস্তারিত বিল, আগাম খরচের তথ্য ও রোগীর অধিকার-সনদ নিশ্চিত করুন। রোগীর অভিযোগ নিষ্পত্তির স্বাধীন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন।
৪. ‘ঝুঁকিতে থাকা ভোক্তা’ সংজ্ঞায়িত করে প্রবীণ, শিশু, প্রতিবন্ধী ও গ্রামীণ ভোক্তার জন্য বিপণন-নিয়ম, ঠান্ডা হওয়ার সময় এবং সহজে পাওয়া যায় এমন তথ্যের বিধান যুক্ত করুন।
৫. ডিজিটাল অভিযোগের পাশাপাশি অফলাইন বিকল্প নিশ্চিত করুন।
৬. আর্থিক সেবার ভোক্তার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রেফারাল-চুক্তি এবং স্বাধীন ন্যায়পাল-ব্যবস্থার রূপরেখা দিন।
আইন তার সীমানা যেভাবে চিহ্নিত করে, সমাজ সেভাবেই বোঝে কাকে রক্ষা করা হচ্ছে। ডিজিটাল যুগে ‘ভোক্তা’ শুধু তিনি নন, যিনি টাকা দেন। যিনি তথ্য দেন, যিনি দুর্বল, যিনি সবকিছু বুঝে উঠতে পারেন না, তিনিও ভোক্তা। খসড়ার সংজ্ঞা ও সীমানা সেই বাস্তবতার দিকে প্রসারিত হলে আইনটি সত্যিই সবার হয়ে উঠবে।
এম এম মুসা, সাংবাদিক ও গবেষক