হোম > মতামত > উপসম্পাদকীয়

ঋণ নয়, সরাসরি ক্ষতিপূরণ চাই

রিয়াদ হোসেন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, সংক্ষেপে কপ, প্রতিবছর নভেম্বর বা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বনেতারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এ বছরও তুরস্কের আন্তালিয়া শহরে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবার আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনটি ৩১তম আসরে পা দিল। বাংলাদেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অনেকে যোগ দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত এমন অনেক ভুক্তভোগীও অংশগ্রহণ করেছেন, যাঁরা বাংলাদেশের হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবছর আঘাত হানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে এ অঞ্চলের মানুষ সহায়সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। বছরের পর বছর প্রকৃতির এই বৈরী আচরণে তারা স্থানান্তরিত হচ্ছে। এতে করে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে জনসংখ্যার চাপ বাড়ছে। দেখা দিচ্ছে নানা সংকট। কিন্তু প্রশ্ন হলো, প্রতিবছর এই জলবায়ু পরিবর্তন সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রথম সারিতে থাকা দেশগুলো আমাদের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশকে কী ধরনের সহায়তা করে আসছে?

বছরের পর বছর বিশ্বের শিল্পোন্নত দেশগুলো কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে। বেশির ভাগ সময় দেখা গেছে, তারা দিনের পর দিন বিভিন্ন শিল্পকারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করছে; যেখান থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বাড়ছে। তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে প্রকৃতিতে মিথেনের পরিমাণ বাড়িয়ে তুলছে। অতিরিক্ত আরাম-আয়েশের জন্য এয়ারকন্ডিশনার ব্যবহার করে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে। আর তাদের এইসব কর্মকাণ্ডে বাংলাদেশের মতো পাকিস্তান, ভুটান, মালদ্বীপসহ পৃথিবীর ছোট দ্বীপরাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষ উদ্বাস্তু হচ্ছে। এসব জনপদে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। কৃষি ও খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়ে মানুষের জীবন-জীবিকার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য যেকোনো মূল্যে বিশ্বের উন্নত দেশগুলোকে এসব ক্ষতিগ্রস্ত দেশের পাশে দাঁড়াতে হবে। তবে সেটি ঋণ দিয়ে নয়; ন্যায্য ক্ষতিপূরণের মাধ্যমে সহায়তা করতে হবে।

জাতিসংঘ ও পরিবেশ গবেষণা সংস্থাগুলোর তথ্য মতে, বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী ১০০টি দেশ রয়েছে। যারা সবাই মিলে মাত্র ৩ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে থাকে। কিন্তু প্রতিবছর জলবায়ু পরিবর্তনের ফলে তারাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। অথচ তারা ক্ষতিপূরণ পাচ্ছে না। বছরের এই সময়ে যখন বিভিন্ন দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন বিশ্ব মোড়লরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে সম্মেলনের পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। বেশির ভাগ সময় তারা নিজেদের দায় স্বীকার করে না। আর কখনো কখনো দায় স্বীকার করে অনুদানের নামে যে অর্থ দেয় তা আসে শর্তযুক্ত ঋণ হিসেবে। তাদের এই নামেমাত্র অনুদানের ফাঁদে পড়ে অনেক দেশ ঋণে জর্জরিত হয়ে পড়ছে। অর্থনৈতিক কাঠামো দুর্বল করে ফেলছে। এসব অর্থ নিয়ে অনেক দেশ পরবর্তী সময়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে। অথচ তাদের এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা।

অনেক সময় কৌশলে তারা অল্পকিছু অনুদান দিলেও সিংহভাগ অর্থ ঋণ হিসেবে ক্ষতিগ্রস্ত ছোট দেশগুলোকে দিয়ে থাকে। এজন্য অনুদানের নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। জলবায়ু ন্যায্যতার নামে এই পরিবেশগত অবিচার যাতে বন্ধ হয় সেদিকে সোচ্চার হতে হবে। পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানাতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পোস্টার তৈরি করে, আমাদের সমস্যাগুলোর আলোকে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। যাতে বিশ্ব দরবারে আমাদের সমস্যাগুলো আলোচনায় আসে। এজন্য আমাদের দেশের হয়ে যাঁরা প্রতিনিধিত্ব করতে যান, তাঁদের এসব বিষয়ে লক্ষ রাখতে হবে। আমাদের সমস্যাগুলো নিয়ে বিশ্বকে আকৃষ্ট করতে নতুন নতুন পরিকল্পনা বের করতে হবে।

বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো বড় দেশগুলো সবচেয়ে বেশি দায়ী। ২০০ বছরের অধিক সময় ধরে তারা শিল্পায়নের জন্য বায়ুমণ্ডল দূষণকারী গ্যাসগুলো প্রকৃতিতে ছেড়ে বৈশ্বিক উষ্ণায়ন করে চলেছে। আর এসব বিশ্ব মোড়লদের ঐতিহাসিক অপরাধের শিকার হচ্ছি আমরা। এজন্য জলবায়ু পরিবর্তন সম্মেলনের এই টেবিলে বসে তারা যাতে নিজেদের দায় এড়াতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন প্রতিবারের মতো সান্ত্বনার বাণী শুনিয়ে আর অনুদানের নামে ঋণের বোঝা চাপিয়ে দিতে না পারে তার জন্য আমাদের আরও বেশি সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কূটনৈতিক অবস্থানের মাধ্যমে আমাদের এ অধিকার আদায়ে অনড় থাকতে হবে।

আমরা দেখছি, অন্য বারের সম্মেলনের মতো এবারও বড় অনেক রাষ্ট্র যারা কার্বন নির্গমনে শীর্ষে রয়েছে, তারা অংশগ্রহণ করেনি। ক্ষমতাধর এসব দেশের প্রধানদের অনুপস্থিতি শুরুতেই বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তবুও জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আমরা যেন অনুদানভিত্তিক অর্থায়ন আদায় করে নিতে পারি সে বিষয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। অধিকার আদায়ের এই আন্দোলনে আমরা যেন দায়মুক্তির জন্য দেওয়া ঋণের ফাঁদে না পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে।

আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ দায়িত্ব পালন করছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য ও কার্যকর আর্থিক সহায়তার ক্ষেত্রে তাঁকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আশা রাখি, জলবায়ু পরিবর্তনে তৈরি হওয়া নানা সংকট, উপকূলের ক্ষয়ক্ষতি এবং আমাদের ন্যায্য দাবিগুলো আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে দেশের রাষ্ট্রপ্রধানসহ এই আয়োজনে অংশ নেওয়া প্রতিনিধিরা জোরালো ভূমিকা পালন করবেন। দৃঢ় ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে অধিকার আদায়ের এই আন্দোলনে তাঁরা সোচ্চার থাকবেন।