একজন তরুণ প্রকৌশলী সোশ্যাল মিডিয়ায় তাঁর মনের কষ্ট এভাবে তুলে ধরেছেন, ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চললে বিসিএস ক্যাডার, প্রকৌশলী, চিকিৎসক বা সমপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মজুরির দাবির পরিমাণ কী হতে পারে? যদিও সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করেছে, কিন্তু চাকরিজীবীরা তো শুধু সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন না, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও কাজ করছেন। তাঁদের শিক্ষাগত যোগ্যতায় কী পরিমাণ মজুরি বিবেচনা করা যেতে পারে! তবে এটা ঠিক, পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির দাবি নিঃসন্দেহে বলে দেয় সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা দেশের বর্তমান বাজারব্যবস্থার কথা। সাধারণ মানুষের আয়ের সঙ্গে বাজারের নিত্যপণ্যের মূল্যের কোনো সম্পর্ক, সংগতি, সমন্বয় নেই; যা আছে, তা তাদের আয় ও ব্যয়ের মধ্যকার বিশাল ব্যবধান, হাহাকার আর হতাশা। আর পোশাকশিল্পের মালিকেরা যে পরিমাণ লাভের অংশ ঘরে তুলেছেন দিনের পর দিন, তার লভ্যাংশ থেকে শ্রমিকদের উপযুক্ত পাওনা মিটিয়েছেন, সেই কথা কিন্তু বলা যাবে না। বরং শ্রমিকেরা তাঁদের ন্যায্য মজুরি কখনোই পাননি।
আতঙ্কিত হওয়ার বিষয় এই, দেশের পোশাকশিল্প এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল এই শিল্পে। ইউরোপ, আমেরিকার সুপারমলে উচ্চমূল্যে বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি হয়েছে। উৎপাদিত পোশাক গুণগতমানে ছিল প্রশংসনীয়। এ ছাড়া এই শিল্পে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জানা গেল, ঢাকার কড়াইল বস্তির অধিকাংশ নারী এখন বাসাবাড়িতে কাজ করেন, যাঁরা একসময় পোশাক কারখানায় কাজ করতেন। কারণ, কড়াইলের আশপাশের অনেক গার্মেন্টস ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তাহলে পুরুষ শ্রমিকদের অবস্থা কী? সোজা উত্তর—বেকার। আড্ডা দেন মহল্লায়। কেউ মাদকাসক্ত হয়েছেন, কেউ মাদক কারবারে জড়িয়েছেন; কেউ ছিনতাই, কেউ চুরি-ডাকাতি করেন। দু-একজন চাকরির ব্যবস্থা করতে পারলেও সবাই পারেননি। বস্তির ভেতর এখন গন্ডগোল লেগেই থাকে।
বৃহৎ পোশাকশিল্প স্থবির হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। গুরুত্বের সঙ্গে এর নেপথ্যের কারণসমূহ দেখা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শুধু রাজনৈতিক দৃষ্টিতে এর কারণ অনুসন্ধান না করে প্রকৃত কারণ অনুসন্ধান করা দরকার। পোশাকশিল্পকে বাঁচাতে দক্ষ, যোগ্য নেতৃত্বেরও প্রয়োজন। প্রয়োজন সঠিক তথ্য সংগ্রহ এবং উদ্যোগ। বিশ্বব্যাপী যথেষ্ট সুনাম ও চাহিদা ছিল এই শিল্পের। বিশ্বব্যাপী রপ্তানিতে এগিয়ে যাওয়া এই পোশাকশিল্পের বর্তমান দুর্দশা, দুরবস্থা বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেই মনে করছেন। বিশ্ববাজারে নিজেদের অবস্থান ও অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা, মেধা ও যোগ্যতার কমতি ছিল না। দাপুটে এই শিল্পের করুণ পরিণতি বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবই ফেলছে না, সেই সঙ্গে বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে। উন্নত ও উপযুক্ত চিন্তাভাবনা ও পরিকল্পনার যথেষ্ট প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে। এমন প্রয়োজনবোধ না থাকলে সমস্যার সমাধান হবে না, উপরন্তু সংকট বাড়বে।
এদিকে পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, ব্যাংকের ঋণখেলাপিদের সংখ্যা ক্রমে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা অনাদায় হয়ে পড়েছে, পড়ছে। ব্যাংকগুলো হয়ে উঠছে লুটপাট আর দুর্নীতির আখড়া। সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়। আগে ব্যাংকই ছিল আস্থা, এখন তার উল্টো। ব্যাংকিং খাতে সৎ ও যোগ্য ব্যক্তি নিয়োগ ছাড়া উত্তরণের কোনো পথ খোলা নেই। একজন সাধারণ গ্রাহক আক্ষেপ করে বলছিলেন, যারা চোর, তারাই তো ব্যাংক পরিচালনা পর্ষদে। ব্যাংক তো আর সাধারণ মানুষের জন্য নয়। ব্যাংকিং খাতে যখন ঋণখেলাপি বাড়ছে, তখন দেখা গেল সরকার ঘোষণা দিয়েছে, রাজস্ব আদায় বাড়াতে দরিদ্র মানুষের সঞ্চয়ের ওপর কর আরোপ করা হবে। এটা সবার জানা, দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময় থেকে কাজ করে আসছে। বলাবাহুল্য, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষত নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার অবদান অপরিসীম। গ্রামগঞ্জে, শহরে তাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান-বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব সংস্থার অনুপ্রেরণায় দরিদ্র নারী ও পুরুষ সঞ্চয় করে থাকে। তাদের সামান্য সঞ্চয় বিপদের বন্ধু হয়ে থাকে। সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর ব্যাংকে পৌঁছানোর সক্ষমতা থাকে না। তারা এসব সংস্থায় সঞ্চয় জমা রাখে এবং বছর শেষে ৬ শতাংশ সুদ গ্রহণ করে। পাশাপাশি ঋণ গ্রহণ করে কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে।
দরিদ্র জনগোষ্ঠীর সামান্য সঞ্চয়ের ওপর কর আরোপ করা কতটা মানবিক ও যুক্তিযুক্ত, তা ভেবে দেখা দরকার। করের থাবা দরিদ্র জনগোষ্ঠীর জীবনে গিয়ে পড়বে, এটা যেন কল্পনাতীত বিষয়। রাজস্ব আদায়ের বিষয়টি যদি সঠিকভাবে ও উপযুক্ত জায়গায় না থাকে, তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে গোটা সমাজব্যবস্থায়। দরিদ্র মানুষের সঞ্চয় সামান্য হলেও বাংলাদেশের অর্থনীতিতে এর অংশগ্রহণ রয়েছে। দরিদ্র জনগোষ্ঠী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে, তারা কিন্তু যথাসময়ে তা পরিশোধ করে। দু-একজন ছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনে ঋণখেলাপির কোনো তকমা নেই। অনেকে মনে করছেন, দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চয়ের ওপর কর আরোপ মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউটগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়ে নিরুৎসাহিত করবে। একদিকে যেখানে কৃষকদের জীবনমান উন্নয়নে কার্ড দেওয়া হচ্ছে, সেখানে দরিদ্র মানুষের সঞ্চয়ের ওপর কর আরোপ করাটা সাংঘর্ষিক কি না, ভেবে দেখা দরকার।
বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত দেশের কৃষকসমাজ, যারা সংস্থার মাধ্যমে শিক্ষিত হয়ে আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে জীবিকা নির্বাহ করে আসছে, জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে। অধিকাংশ কৃষক মোবাইল অ্যাপ ব্যবহার করছে নিজেদের সমস্যা সমাধানের জন্য। বলতে হয়, কৃষকসমাজ প্রযুক্তির ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এর পেছনে বেসরকারি উন্নয়ন সংস্থার অবদান অনস্বীকার্য।
যেকোনো পরিকল্পনা বাস্তব উপযোগী হওয়া দরকার। ব্যক্তিগোষ্ঠীর উন্নয়নের কথা না ভেবে, সমষ্টির কথা ভাবতে হবে। প্রতিটি সেক্টরের সক্রিয় ভূমিকা আছে একটি রাষ্ট্র পরিচালনায়। সেক্টরগুলোকে গতিশীল রাখতে, উজ্জীবিত করতে, সেক্টরগুলোকে বুঝতে যোগ্য ও দক্ষ ব্যক্তির প্রয়োজন পড়ে। এই প্রয়োজন উপলব্ধি করতে না পারলে ভালো ফল কখনোই আসে না। আর সবকিছুকে রাজনীতিকীকরণ করাও বোধ হয় ঠিক নয়। এতে দেশের কল্যাণ আসে না। যেটুকু ভালো, সেটুকু না গ্রহণ করতে চাওয়াটা একধরনের ভুল সিদ্ধান্ত বৈকি। রাষ্ট্রীয়ভাবে যা করা হয়, তা কিন্তু রাষ্ট্রের খরচে। জনগণের টাকাই কিন্তু রাষ্ট্রের হয়। সেই অর্থে জনগণের টাকায় যা নির্মাণ বা উৎপাদন হয়, তা নষ্ট করবার অধিকার কিন্তু কারও থাকে না। বড়জোর তার সংস্কার, সংযোজন, বিয়োজন হতে পারে, ধ্বংস নয়।
স্বপ্না রেজা, কথাসাহিত্যিক ও কলাম লেখক