নারীকে ঘিরে সমাজের একধরনের দ্বৈত মনস্তত্ত্ব কাজ করে। মজার ব্যাপার হলো, এই মনস্তত্ত্বের সূক্ষ্ম অণু-পরমাণু বেশির ভাগ নারীর নিজের মধ্যেও গোপনে বাস করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সামাজিক অনুশাসন, পারিবারিক শিক্ষা ও সংস্কারের মধ্য দিয়ে তা নারীর অবচেতনে জায়গা করে নেয়।
ভালো মেয়ে হতে হবে, ভাইদের ভালো বোন, প্রতিবেশীদের চোখে লক্ষ্মী, ভালো বউ, ভালো মেয়ে, ভালো সহকর্মী এবং অবশ্যই ভালো মা। এই ভালো হওয়ার তালিকার যেন কোনো শেষ নেই।
আর সমাজ?
একদিকে নারীকে সম্মান, মমতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে, অন্যদিকে তাঁর স্বাধীনতা, সিদ্ধান্ত ও স্বতন্ত্র সত্তাকে নিয়ন্ত্রণ করার প্রবল বাসনা পোষণ করে রন্ধ্রে রন্ধ্রে। নারীকে নিয়ে সমাজের যত প্রশংসা, বিধিনিষেধও ঠিক ততটাই।
সমাজ নারীকে ভালোবাসে, তবে সেই ভালোবাসারও কিছু শর্ত আছে। তাঁকে হতে হবে স্নেহশীল, সহনশীল, যত্নশীল, সংসারের প্রতি নিবেদিত। তাঁর সৌন্দর্য থাকবে, তবে তা কখনোই সমাজের নির্ধারিত সৌন্দর্যবোধের বাইরে যাবে না। তিনি শিক্ষিত ও কর্মজীবী হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, তবে সংসারের প্রচলিত দায়িত্বে ঘাটতি পড়বে না। ভালো রান্না করবেন, গুরুজনের সেবা করবেন, সন্তান পালন করবেন। স্নেহ-মায়ায় মহান হয়ে উঠবেন। সবাইকে খাইয়ে-দাইয়ে শেষে একরত্তি প্রশংসার আশায় দাঁড়িয়ে থাকবেন; কেউ যদি বলে, আহা, কী চমৎকার রান্না হয়েছে!
মানে নারীকে একই সঙ্গে অনেকগুলো বিপরীত প্রত্যাশা পূরণ করতে হবে। তাঁর ব্যক্তিসত্তা বলে কিছু থাকবে কি না, সেটিও সমাজই নির্ধারণ করবে। তাঁর পোশাক, চলাফেরা, সম্পর্ক, পেশা, এমনকি হাঁটা, হাসি বা কথা বলার ধরন নিয়েও সমাজের বিধিনিষেধ আছে। একজন নারী কীভাবে জীবন কাটাবেন, সেই নিয়ম রচনায় সমাজের আগ্রহের কমতি নেই।
অথচ এই নিয়ন্ত্রণকে অনেক সময় শাসন হিসেবে নয়, ভালোবাসা, নিরাপত্তা কিংবা পারিবারিক সম্মানের নামে বৈধতা দেওয়া হয়। ফলে অনেক নারী বুঝতেও পারেন না, কোন জায়গায় যত্নের নামে নিয়ন্ত্রণ চলছে, আর কোথায় বৈষম্যকে তিনি স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন।
নারীর স্বাধীনতা নিয়েও সমাজের মাথা গরম চরমে ওঠে। একজন নারী যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, তখন তাঁর আত্মবিশ্বাসকে কখনো অহংকার, দৃঢ়তাকে জেদ, প্রতিবাদকে ঔদ্ধত্য এবং উচ্চাকাঙ্ক্ষাকে অতিরিক্ত উচ্চাভিলাষ হিসেবে ব্যাখ্যা করা হয়। পুরুষের যে আচরণ নেতৃত্ব বা ব্যক্তিত্বের পরিচায়ক, একই আচরণ নারীর ক্ষেত্রে অনেক সময় নেতিবাচক অভিধা পায়। পুরুষ নিজের শর্তে জীবন কাটালে তিনি স্বাধীনচেতা, নারী একই কাজ করলে তাঁকে নিয়ে শুরু হয় নানা প্রশ্ন।
নারীর শরীর ও সৌন্দর্য নিয়েও সমাজের মনস্তত্ত্ব বেশ জটিল। বয়স, গায়ের রং, ওজন, উচ্চতা, পোশাক—সবকিছুর জন্য রয়েছে অলিখিত মাপকাঠি। নারীকে একদিকে সৌন্দর্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, অন্যদিকে সেই সৌন্দর্যের সংজ্ঞাও নির্ধারণ করে দেওয়া হয়। নিজের শরীর নিয়ে নিজের সিদ্ধান্তের চেয়ে অন্যের মূল্যায়ন অনেক সময় বেশি গুরুত্ব পায়। বয়স বাড়লে তাঁর সৌন্দর্য নিয়ে মন্তব্য, বিয়ে না হলে প্রশ্ন, সন্তান না হলে কৌতূহল। মানে নারীর ব্যক্তিগত জীবন যেন সামাজিক পর্যালোচনার উন্মুক্ত বিষয়।
আবার নারীকে ঘিরে সমাজের প্রত্যাশার সবচেয়ে বড় বৈপরীত্য দেখা যায় তাঁর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়নে। একজন সফল নারীকে প্রশংসা করা হলেও তাঁর সাফল্যের পেছনে ব্যক্তিগত যোগ্যতার চেয়ে পারিবারিক সহযোগিতা কিংবা কোনো পুরুষের ভূমিকা খুঁজে দেখার প্রবণতা থাকে অত্যন্ত নগ্নভাবে। অনেক ক্ষেত্রে তাঁর যোগ্যতার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বেশি হয়। অন্যদিকে ব্যর্থতার দায়ও সহজে তাঁর ওপর চাপানো হয়। কর্মজীবনে সফল হলে সংসারের অবহেলার অভিযোগ, সংসারকে অগ্রাধিকার দিলে নিজের প্রতিভা নষ্ট করার আক্ষেপ। নারীর জন্য যেন কোনো অবস্থানই পুরোপুরি গ্রহণযোগ্য নয়। শাঁখের করাতের মতো নারী দুদিকেই কাটা পড়েন।
এই মানসিকতার প্রভাব নারীর নিজের মধ্যেও দ্বন্দ্ব তৈরি করে। সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক নারী নিজের ইচ্ছাকে গৌণ করে ফেলেন। নিজের সিদ্ধান্তের জন্য অপরাধবোধে ভোগেন, অন্যের স্বীকৃতিকে নিজের আত্মমূল্যের মাপকাঠি ভাবতে শুরু করেন। কখনো কখনো নারীরাই অন্য নারীর স্বাধীনতা, পোশাক, সম্পর্ক কিংবা জীবনযাপনের বিচারক হয়ে ওঠেন। কারণ ওই যে, সামাজিক সংস্কারের বীজ একবার মগজে শিকড় ছড়ালে তা শুধু আচরণে নয়, চিন্তাতেও ডালপালা মেলে। যে বিধিনিষেধ একসময় বাইরে থেকে আরোপিত হয়েছিল, একসময় নারী নিজেই তাঁর পাহারাদার হয়ে ওঠেন।
নারীরও তাই দেবী, সৌন্দর্যের প্রতীক কিংবা ত্যাগের প্রতিমূর্তি হয়ে উঠতে ইচ্ছে করে। অন্যদিকে তাঁর মধ্যে থাকে অপার সম্ভাবনা, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, নিজের মতো করে বাঁচার বাসনা। কিন্তু সেই বাসনা বারবার আটকে যায় সামাজিক শর্তের ‘যদি’ আর ‘কিন্তু’তে। তিনি নিজেও কখনো বুঝতে পারেন না, কোন ইচ্ছাটি তাঁর নিজের, আর কোনটি সমাজের দীর্ঘদিনের অভ্যাস থেকে পাওয়া।
প্রশ্ন হলো, নারী কি তবে ভালো মেয়ে, ভালো
বউ, ভালো মা কিংবা ভালো সহকর্মী হওয়ার বাইরে আর কিছু হতে পারবেন না? তাঁর কি কেবল দায়িত্ব পালনের মধ্যেই পরিচয় সীমাবদ্ধ থাকবে? নিজের জন্য বাঁচা, নিজের পছন্দে সিদ্ধান্ত নেওয়া, ভুল করা, ব্যর্থ হওয়া কিংবা কারও প্রত্যাশা পূরণ না করার অধিকার কি তাঁর নেই? আসলে সমাজ সংসারে নারীকে মানুষ হিসেবে দেখার জায়গাটি তৈরি না হওয়া পর্যন্ত এই দ্বৈত মনস্তত্ত্বের অবসান হবে না। কারণ, নারীকে দেবী বানিয়ে পূজা করা আর মানুষ হিসেবে তাঁর স্বাধীনতাকে স্বীকার করা এক কথা নয়।
অলকানন্দা রায়, সাংবাদিক