শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একই সময়ে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চেয়েছে।
প্রশ্ন হচ্ছে, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট চাওয়ার আইনগত অধিকার কতটুকু? আর রাষ্ট্র কি তাঁকে নতুন পাসপোর্ট দিতে বাধ্য? এ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে তার উপায় কি পাসপোর্ট নিয়ে ভিসাসহ আসা, নাকি বন্দী বিনিময় চুক্তির অধীনে প্রত্যর্পণ।
একজন আসামিকে তাঁর সাংবিধানিক অধিকার পেতে হলে আদালতের সম্মুখে প্রথমে আত্মসমর্পণ করতে হবে।
এ বিষয়ে ‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ওরফে মো. জাকারিয়া পিন্টু ১৫ এমএলআর (এডি) ৪৪৫/৬২ ডিএলআর (এডি) ২০১০’ মামলার রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেন, ‘আইনগত অধিকার প্রয়োগ করার পূর্বে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট আত্মসমর্পণ করা অভিযুক্ত ব্যক্তির প্রথম আইনি কর্তব্য...। অপরাধীকে আশ্রয় দেওয়া একটি অপরাধ, বরং পলায়নপর অপরাধীকে পুলিশের নিকট সোপর্দ করা নাগরিক কর্তব্য। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করা রাষ্ট্রের সর্বাগ্রে ও প্রধানতম কর্তব্য।’
সে হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়ার অধিকার চাইতে গেলে তাঁকে আগে আদালতে আত্মসমর্পণ করতে হবে। ভারতের আদালতে তিনি আত্মসমর্পণ করবেন, তারপর ভারত সরকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে।
অপর দিকে ‘রিট পিটিশন নম্বর ১১২৪৯, ২০২৩ সাল’ মামলায় দুজন ব্যক্তি বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা চলমান থাকার কারণে পাসপোর্ট ইস্যু করা হচ্ছিল না। হাইকোর্ট বিভাগ বলেন, শুধু ফৌজদারি মামলা চলমান থাকার কারণে একজন নাগরিকের পাসপোর্ট আটকে রাখা যায় না, যদি আইনগত কোনো নিষেধাজ্ঞা বা আদালতের উপযুক্ত আদেশ না থাকে।
আদালত আরও বলেন, পাসপোর্ট না দেওয়া একজন নাগরিকের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে স্বীকৃত চলাচলের স্বাধীনতার ওপর পরোক্ষ বাধা সৃষ্টি করে। আদালত পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দেন।
তবে শেখ হাসিনার ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। উক্ত মামলার আবেদনকারীরা বিচারাধীন মামলার আসামি ছিলেন। তাঁরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে এমন কোনো বিশেষ পরিস্থিতিও ছিল না, যেখানে রাষ্ট্রীয় জনস্বার্থের ভিত্তিতে পাসপোর্ট প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিচারাধীন ছিল। তাই এই রায় শেখ হাসিনার ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হবে না।
প্রথমেই বলা প্রয়োজন, নাগরিকত্ব এবং পাসপোর্ট পাওয়ার অধিকার এক বিষয় নয়। বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের আইনি সুরক্ষা, আইনের আশ্রয় ও জীবন-ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। কিন্তু এসব অধিকার কাউকে ফৌজদারি দায় বা আদালতের দণ্ডাদেশ থেকে অব্যাহতি দেয় না।
বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর অনুচ্ছেদ ৫(২) অনুযায়ী, পাসপোর্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পাসপোর্ট ইস্যু বা প্রত্যাখ্যান করতে পারে। অনুচ্ছেদ ৬(২)(গ) আরও গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে, সরকারের বিবেচনায় কোনো আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া জনস্বার্থের পরিপন্থী হলে কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানাবে।
সুতরাং, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে আবেদন করতে পারেন। কিন্তু পাসপোর্ট পাওয়ার নিঃশর্ত অধিকার তাঁর রয়েছে এমন দাবি আইনসম্মত নয়। তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশ, বিদ্যমান পরোয়ানা, পূর্ববর্তী পাসপোর্ট বাতিলের কারণ ও রাষ্ট্রীয় জনস্বার্থ বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন। তাঁর আইনজীবীরা বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনটি করেছেন। অথচ তাঁর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিষয়টি তাই নিছক পাসপোর্ট আবেদনের নয়; এটি রাষ্ট্রীয় স্বার্থ, বিচারিক দায়বদ্ধতা ও নাগরিক অধিকারের প্রশ্ন।
‘বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩’-এর অনুচ্ছেদ ৫(২) অনুযায়ী, পাসপোর্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পাসপোর্ট ইস্যু বা প্রত্যাখ্যান করতে পারে। বিশেষ করে অনুচ্ছেদ ৬(২)(গ) অনুযায়ী, সরকারের বিবেচনায় কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া জনস্বার্থের পরিপন্থী হলে পাসপোর্ট প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যমান দণ্ডাদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, পূর্ববর্তী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত এবং প্রত্যর্পণ-সংক্রান্ত পরিস্থিতি এই বিধানের আলোকে বিবেচ্য।
২০১৩ সালের বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ ১ অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধে অভিযুক্ত, বিচারাধীন কিংবা দণ্ডিত ব্যক্তিকে চুক্তির শর্তসাপেক্ষে প্রত্যর্পণের বিধান রয়েছে। অনুচ্ছেদ ৫ অনুযায়ী, নিজ দেশের নাগরিকত্ব প্রত্যর্পণের বাধা নয়। অন্যদিকে অনুচ্ছেদ ৮ অনুযায়ী, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কিছু ভিত্তিও রয়েছে। বাংলাদেশের ‘বন্দী প্রত্যর্পণ আইন, ১৯৭৪’-এর ধারা ১৫ সরকারকে চুক্তিভুক্ত রাষ্ট্র থেকে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে ফেরত চাওয়ার ক্ষমতা দিয়েছে।
এখানে আইনের একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রত্যর্পণের আগে পাসপোর্টের আবেদন করা যাবে না—এমন সরাসরি নিষেধাজ্ঞা পাসপোর্ট আদেশ কিংবা প্রত্যর্পণ চুক্তিতে নেই। শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারেন; কিন্তু আবেদন করলেই পাসপোর্ট পাওয়ার অধিকার সৃষ্টি হয় না। একইভাবে পাসপোর্ট ইস্যু হলেও তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হবে না।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট ইস্যুর চেয়ে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করাই অধিক যৌক্তিক ও রাষ্ট্রীয় স্বার্থসম্মত পথ। তিনি স্বেচ্ছায় ফিরতে চাইলে আদালতে আত্মসমর্পণের সুযোগও রয়েছে। তবে কোনো অবস্থাতেই তাঁকে বিচারিক দায় থেকে অব্যাহতির সুযোগ তৈরি হবে না।
আইনের শাসনের প্রকৃত পরীক্ষা হলো ব্যক্তি যত ক্ষমতাবানই হোন, তাঁর জন্য আইন আলাদা হবে না; আবার রাষ্ট্রও আইন অতিক্রম করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, এনসিপি