প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় প্রত্যেক সংসদ সদস্যের (এমপি) অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, যার পরিমাণ ৩০ লাখ টাকা।
আজ রোববার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দপত্র হস্তান্তর করেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির আওতায় প্রত্যেক সংসদ সদস্যকে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান মন্ত্রীর কাছ থেকে এই বরাদ্দপত্র নেন।
বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।