বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
আজ শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর লেখা অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক জীবন ও নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরে বাংলাদেশের জনগণের জন্য একটি সফল পর্বের সূচনা এর মাধ্যমে ঘটছে বলে আমার বিশ্বাস।’
এতে আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের রয়েছে অনন্য এক সম্পর্ক, যার মূলে আছে অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সংযোগ এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুবসমাজ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত বেড়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও জোরদারের জন্য আমি আপনার সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি।’
এ ছাড়া বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ অব্যাহত থাকবে বলে আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জারদারি বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক মেলবন্ধনের ভিত্তিতে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক গতিশীলতাকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালীকরণ এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রসারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকার কথাও বলেছেন আসিফ আলী জারদারি।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জারদারির শুভকামনার কথাও বলেছে পাকিস্তান হাইকমিশন।
বিবৃতিতে বলা হয়, পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আমন্ত্রণও জানিয়েছেন আসিফ আলী জারদারি। তাঁর বিশ্বাস, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ও দুই দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।