হোম > জাতীয়

জঙ্গি শব্দটা রিকগনাইজ করি না, কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ সব দেশেই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘উগ্রবাদী সংগঠনের’ সম্ভাব্য হামলা নিয়ে পুলিশের সতর্কতার মধ্যেও দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি উত্থানের বিষয়টি তিনি স্বীকার করেন না। তাঁর ভাষ্য, ‘আমি ওই শব্দকে রিকগনাইজ করি না। আমাদের দেশে এ রকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ পৃথিবীর সব দেশেই থাকে। আমাদের দেশেও থাকতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র‍্যাডিক্যাল (চরমপন্থী) কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টালিস্ট (মৌলবাদী) কিছু রাজনৈতিক দল থাকে—এসবে আমরা অভ্যস্ত। কিন্তু আপনি (সাংবাদিক) যে শব্দটি ব্যবহার করলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেটার কোনো অস্তিত্ব নেই।’

অতীতে ‘জঙ্গি’ শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ বিষয়টি ব্যবহার করা হতো। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিসটেন্স (অস্তিত্ব) নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের জনবল বাড়িয়ে প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে হেলিকপ্টার ও আধুনিক রেসকিউ ড্রোন সংযোজন করা হবে। ইতিমধ্যে তিনটি সার্ভেইল্যান্স ড্রোন যুক্ত হয়েছে এবং নতুন জাহাজ সংযোজনের কার্যক্রম চলমান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মাল্টিরোল রেসপন্স ভেসেল ও অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে উচ্চগতির বুলেটপ্রুফ বোট সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা উপকূলীয় এলাকায় অপরাধ দমনে সহায়ক হবে।

মাদক পাচার, মানব পাচার, চোরাচালান ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমেও বাহিনীটির অবদান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশে আরও ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগির ভারতের ভিসার ব্যাপারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৪৬৪ হত্যা ও ৬৬৬ ধর্ষণ মামলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব ভায়োলেন্স প্রতিরোধে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং শুরু, নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশ

পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওয়াসার পানি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ