হোম > জাতীয়

সংসদে প্রধানমন্ত্রীর আট প্রশ্নই সরকারি দলের, আপত্তি বিরোধী দলের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ বুধবার জাতীয় সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম।

প্রসঙ্গত, সংসদের কার্যসূচি অনুযায়ী প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত।

নাহিদ ইসলাম বলেন, আজ প্রধানমন্ত্রীর জন্য তারকাচিহ্নিত আটটি প্রশ্ন রাখা হয়েছিল। আটটিই সরকারি দলের সংসদ সদস্যদের। বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দেন উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতি তত শক্ত হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন জমা দেবেন, তিনি আগে সুযোগ পাবেন বলে জানান তিনি। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাঁদের অসুবিধা বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সেদিকে স্পিকারের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।

এরপর স্পিকার বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আগে এলে আগে নেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রশ্ন আগে জমা দিতে অতীতে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

স্পিকার বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল একসময় বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন। আরও দু-একজন সদস্যও আগের রাতে সেখানে শুয়ে থাকতেন বলে জানান তিনি।

কোনো কোনো সংসদ সদস্য তাঁদের ব্যক্তিগত কর্মকর্তাদের আগেই প্রশ্ন জমা দেওয়ার জন্য লাইনে পাঠাতেন বলেও জানান স্পিকার। তিনি বলেন, ‘সকালে কোনো সংসদ সদস্য এসে ব্যক্তিগত কর্মকর্তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে তাঁকে পেছনে সরিয়ে দেওয়া হতো। সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতো।’

প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় মন্তব্য করে বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: বৈধ অস্ত্রের প্রদর্শন হলেও ব্যবস্থা নেওয়া হয় না

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন: ঢাকা ২৩ আসনে প্রার্থী দিতে সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

ট্রাইব্যুনালে জবানবন্দি: ক্রাচে ভর দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেন মেসবাহ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি