নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত বিআরটিসির নারী বাস সার্ভিসে ই-টিকিটিং চালু করছে সহজডটকম।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও সহজডটকমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
চুক্তির আওতায় তিন শহরের নারীদের জন্য পরিচালিত বাস সার্ভিসের ১৪টি রুটে ই-টিকিটিং সেবা চালু করা হবে। এতে নারী যাত্রীরা মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে টিকিট কাটার সময় ও ভোগান্তি কমবে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, সহজডটকমের পরিচালক শাকিল জোয়াদ রহিম, বিআরটিসির অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪টি রুট পরিচালনার জন্য ১০টি ডিপোর ব্যবস্থাপকেরা চুক্তিতে সই করেন।
সহজডটকমের পরিচালক শাকিল জোয়াদ রহিম বলেন, ‘দেশের গণপরিবহন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের টিকিট সংগ্রহের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর হবে এবং গণপরিবহন আধুনিকায়নের প্রক্রিয়াও এগিয়ে যাবে।’
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘নারীদের জন্য নির্ধারিত বাসসেবায় ডিজিটাল টিকিটিং চালু হলে টিকিট সংগ্রহের ক্ষেত্রে অপেক্ষার সময় কমবে এবং সেবার প্রতি যাত্রীদের আস্থা বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর টিকিটিং ভবিষ্যতে তথ্যভিত্তিক ও দক্ষ গণপরিবহন ব্যবস্থাপনায় সহায়ক হবে।’
বিআরটিসি জানিয়েছে, শিগগিরই এ সেবার উদ্বোধন করা হবে। এরপর ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি রুটে পরিচালিত নারী বাস সার্ভিসে ধাপে ধাপে ই-টিকিটিং সুবিধা চালু করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নারীদের জন্য নির্ধারিত গণপরিবহনে ডিজিটাল টিকিটিং চালু দেশের গণপরিবহন খাতে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আরও নিরাপদ, সহজলভ্য ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।