ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ ও কাফেলার আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দেখে আর্থিক লেনদেন না করার জন্য দেশবাসীকে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় বলছে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই সরকারি অনুমোদন নেই। তাদের সঙ্গে অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
আজ শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার লোভনীয় হজ প্যাকেজে আকৃষ্ট হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবছর হজ মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে কম খরচে বা বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে। পরে অনেক ক্ষেত্রে নির্ধারিত সেবা না দেওয়া, ভিসা জটিলতা সৃষ্টি কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।
এ কারণে হজে যেতে আগ্রহীদের কেবল সরকার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও অর্থ পরিশোধ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো হজ প্যাকেজের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, হজযাত্রীদের নিরাপদ রাখতে এবং প্রতারণা রোধে সরকারের এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কোনো হজ প্যাকেজের তথ্য পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।