শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য কাজ করছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। মালয়েশিয়ায় যেসব অবৈধ বাংলাদেশি কর্মী রয়েছেন বা নানা সমস্যা রয়েছেন, তাঁদের বৈধ করার বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ পৃথিবীর যেকোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।
সংরক্ষিত নারী আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থবছরে (২০২৪-২৫) ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
কক্সবাজার-৩ আসনের লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ টন।
ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে চাল উৎপাদন করা হয়েছে ৪ কোটি ৬ লাখ টন এবং গম উৎপাদন করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার টন। যেখানে চালের চাহিদা হচ্ছে ৪ কোটি ১১ লাখ টন ও গমের চাহিদা ৭৪ লাখ টন। ২০২৫-২৬ অর্থবছরে সরকারিভাবে ৫ লাখ ৩৪ হাজার টন চাল ও ৭ লাখ ৩৫ হাজার টন গম আমদানি হয়েছে। এ ছাড়া বেসরকারি খাতে ৭ লাখ ৩৫ হাজার টন চাল ও ৬৫ লাখ ৮২ হাজার টন গম আমদানি হয়েছে।