রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী ২০ আগস্ট বৃহস্পতিবার সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী এই নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।