বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে সরানোর পর জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আপাতত বিপিসি সামলানোর ভার দেওয়া হয়েছে।
আজ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর সপ্তাহজুড়ে পদটি খালি ছিল। অন্তর্বর্তী সরকারের সময় গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান করে আনা হয়েছিল।
এত অল্প সময়ের ব্যবধানে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। বিপিসির কয়েকজন ঊর্ধ্বজনক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সাবেক চেয়ারম্যানের কিছু ভালো কাজ কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থের বিপরীতে ছিল। সরকার চাইলে যে কাউকে যেকোনো সময় বদলি করতে পারে।
এ বিষয়ে বিপিসির সাবেক চেয়ারম্যান রেজানুর আজকের পত্রিকাকে বলেন, স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে তিনি পাইপলাইনে সাগর থেকে তেল খালাসের এসপিএমের অপারেটর নিয়োগ, ইরান যুদ্ধের সময় জ্বালানি সংকট মোকাবিলা, এলপিজি সংকট মোকাবিলায় কিছু দীর্ঘস্থায়ী পরিকল্পনা রেখে গেছেন।