মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করা সংক্রান্ত শ্রম আইনের ৪৬(১) ও ৪৬(২) ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) ১৯৭ (১) ও (১এ) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জনপ্রশাসন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৫ জুন বাংলাদেশের কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রিটটি দায়ের করা হয়। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।
শ্রম আইনের ৪৬ (১) ধারায় বলা হয়েছে, প্রত্যেক নারী শ্রমিক সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৬০ দিন এবং প্রসবের পরবর্তী ৬০ দিনের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হবেন। তবে শর্ত থাকে যে, কোনো নারী উক্তরূপ সুবিধা পাবেন না, যদি না তিনি সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যূন ছয় মাস কাজ করে থাকেন। (২) কোনো উক্তরূপ সুবিধা প্রদেয় হবে না, যদি তার সন্তান প্রসবের সময় তার দুই বা ততোধিক সন্তান জীবিত থাকে।