হোম > জাতীয়

সদস্যদের বক্তব্যের সময় সংসদে নেই মন্ত্রীরা, বিরোধীদলীয় নেতার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদ সদস্যরা এলাকার ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকছেন না। আবার যাঁরা থাকছেন, তাঁরাও বক্তব্য শোনার দিকে মনোযোগ দিচ্ছেন না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সদস্যদের বক্তব্য চলার সময় ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক, আমাদের সদস্যরা তাঁদের এলাকার এবং জাতীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই। আবার যাঁরা আছেন, তাঁরা অন্য কাজে ব্যস্ত। এদিকে শোনার দিকে মনোযোগ নেই। তাহলে এটা কীভাবে দৃষ্টি আকর্ষণ হলো—আমি বুঝতে পারছি না।’

জবাবে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের পক্ষ থেকেও বারবার মন্ত্রীদের এ বিষয়ে মনোযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টা আমরা আমাদের এই চেয়ার থেকেও বারংবার বলেছি।’

সংসদের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতেই কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি বিষয় উত্থাপনের সুযোগ রয়েছে বলে জানান ডেপুটি স্পিকার। এরপর মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা ট্রেজারের বেঞ্চেরই হোক আর অপোজিশনেরই হোক—এলাকার কথা, জাতীয় স্বার্থের কথা যখন বলেন—দয়া করে...আমি আগেও বলেছিলাম নোট নিতে। তো, আশা করছি আপনারা একটু সদয় হবেন এই ব্যাপারে।’

এ সময় বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, মন্ত্রীদের সংসদে উপস্থিত থাকা উচিত।

তবে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংসদ সদস্যদের দুই মিনিটের বক্তব্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীদের তাৎক্ষণিক জবাব দেওয়ার নিয়ম নেই বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, সংসদ সদস্যদের দেওয়া নোটিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে সেসব নোটিশের লিখিত জবাব দেওয়া হয়। এরপর আলোচনার জন্য গৃহীত নোটিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে উপস্থিত থেকে জবাব দেন।