হোম > জাতীয়

রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। নিবার্চনে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন‍্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতিমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও জানান, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক প্রদান করা হয়।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন উপলক্ষে কিছু সহিংসতা হচ্ছে, তবে এটি বাড়ছে না। অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার হার অনেক কম। আইনশৃঙ্খলা বাহিনী এ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।’

রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দল ও গ্রুপিংয়ের কারণে সহিংসতা হচ্ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘যে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে তার বেশির ভাগই রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দল ও গ্রুপিংয়ের কারণে হয়েছে। এটা দমন করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একটু কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ এবং সচেতন হতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা পাঠানো হয়েছে: প্রেস সচিব

নির্বাচনী প্রচার নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা করতে রিটার্নিং কর্মকর্তাদের ইসির চিঠি

এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত

রোববার মাঠে নামবেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি মাছউদ

নিজস্ব উদ্যোগে প্রথম দুটি এসি বাস তৈরি করল বিআরটিসি

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের লিভ টু আপিল

ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান আনসার মহাপরিচালকের

চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

উন্নয়ন বলতে রাস্তাঘাট-সেতু নির্মাণই বোঝেন অধিকাংশ ভোটার ও প্রার্থী: সিপিডির জরিপ