হোম > জাতীয়

কক্সবাজারের ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধ করতে নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা এ নোটিশ পাঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়, ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এটি পর্যটকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয়। এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

ভবিষ্যতে প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং কঠোরভাবে তা বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে নোটিশে।