হোম > জাতীয়

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দক্ষিণ এশিয়ায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি। এতে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ‘দক্ষিণ এশিয়ায় এলএসডি নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্র, শ্রীলঙ্কার কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের গ্রাম উন্নয়ন কর্ম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের ফোরামের চেয়ারম্যান ড. বি.এস.এস. পেরেরা। তিনি সীমান্ত অতিক্রমকারী প্রাণিরোগ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করে দক্ষিণ এশিয়ায় রোগ নজরদারি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীলঙ্কার ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট ড. এস. পুভানেন্দ্রন। তিনি বলেন, মশা, মাছি ও টিকের মতো রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে এলএসডি প্রধানত ছড়িয়ে পড়ে। আক্রান্ত প্রাণীর ত্বকের ক্ষত ও শুকনো খোসায় ভাইরাস দীর্ঘদিন জীবিত থাকতে পারে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, প্রাণী স্থানান্তর এবং দুর্বল বাহক নিয়ন্ত্রণ ব্যবস্থাও রোগ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম উন্নয়ন কর্মের পরিচালক মো. মোখলেছুর রহমান কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং কৃষক, প্রাণিচিকিৎসক ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান। সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, এলএসডি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ অপরিহার্য। এ জন্য তথ্য বিনিময়, কারিগরি সহযোগিতা এবং সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এ. কালুপাহানা এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি। তাঁরা গবেষণাভিত্তিক কৌশল, কার্যকর টিকাদান কর্মসূচি এবং শক্তিশালী ভেটেরিনারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মানব পাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করবে আইওএম

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্যসেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

৭ বছরে সড়কে প্রাণ হারিয়েছে সাত হাজারের বেশি শিক্ষার্থী

সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিইসি