জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক পারুল আক্তারসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলার নেতারা।
মানববন্ধনে গ্রাম পুলিশ সদস্যরা বলেন, স্থানীয় সরকারের আওতাধীন দেশের ৪৯৫টি উপজেলায় ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য নানা সরকারি দায়িত্ব পালন করলেও তাঁদের মাসিক বেতন মাত্র ৭ হাজার ৫০০ টাকা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে পরিবার পরিচালনা করা অসম্ভব।
তাঁরা দাবি করেন, অপ্রতুল আয়ের কারণে অনেক গ্রাম পুলিশ সদস্য সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। আর্থিক সংকটে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বক্তারা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের সরকারি নিয়োগসংক্রান্ত গেজেট এবং তাঁদের পক্ষে উচ্চ আদালতের রায় থাকলেও এখনো জাতীয় বেতন স্কেলের আওতায় আনা হয়নি।
সমাবেশ থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রাম পুলিশ সদস্যদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাঁদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করবে।