হোম > জাতীয়

মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি

দেশে মব সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন’-এ এই চিত্র উঠে এসেছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এমএসএফের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ১০ জন মব সহিংসতায় নিহত হন। একই ধরনের ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ২১ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৯ ও এপ্রিলে ২১ জন প্রাণ হারান।

প্রতিবেদনে বলা হয়েছে, মব সহিংসতার সংখ্যা নির্দেশ করে যে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। সামাজিক বিরোধগুলো ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। বিশেষভাবে উদ্বেগজনক হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মবের আক্রমণের শিকার হচ্ছেন, যা রাষ্ট্রীয় কর্তৃত্বের দুর্বলতা নির্দেশ করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত মে মাসের প্রতিবেদনে এমএসএফ বলেছে, মে মাসে কিছু ক্ষেত্রে উন্নতি ঘটলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উদ্বেগজনক অবনতি লক্ষ করা গেছে। বিশেষ করে, মব ভায়োলেন্স ও সীমান্ত এলাকায় সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ ও বিচারবহির্ভূত প্রবণতার ইঙ্গিত বহন করে।

মানবাধিকার সংগঠনটি বলেছে, মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুলিতে ও একজন নির্যাতনের ফলে মারা যান। এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক জেলে ও এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ফলে সীমান্তসংশ্লিষ্ট ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এমএসএফের তথ্য অনুযায়ী, মে মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত তিনজন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে নিহত ব্যক্তির সংখ্যা ছিল তিনজন এবং আহত হন ৩০৩ জন।

এপ্রিল ও মে মাসের তুলনামূলক বিশ্লেষণে এমএসএফ বলেছে, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। মে মাসে নারী ও শিশু নির্যাতনের অন্তত ৩২৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় ১২টি বেশি। মে মাসে ৭০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের মাসে ছিল ৫৪টি। সে হিসাবে ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এ ছাড়া ১৬টি দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ছয়টি ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে এমন ঘটনা ছিল দুটি।

এমএসএফ জানিয়েছে, এ মাসে ৫৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হয়েছে। আর কারা হেফাজতে মৃত্যু হয়েছে সাতজনের।

আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী