সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ যোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন।
এর আগে মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের বড় ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানাজায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দ (ময়মনসিংহ-৪), জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), অতিরিক্ত সচিব (এফ অ্যান্ড পিআর), যুগ্মসচিব (মানবসম্পদ), সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।
মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মিয়া আবদুল্লাহ ওয়াজেদ ১৯৯১ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।