হোম > জাতীয়

কাউকে না জানিয়ে এসেছি, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

চিড়িয়াখানা পরিদর্শনে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কাউকে না জানিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছেন, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়।

আজ শুক্রবার সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করেন প্রতিমন্ত্রী। প্রায় ২ ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণীর চিকিৎসাকেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

প্রথমে প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের খাবারের মান ও পরিমাণ যাচাই করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চিড়িয়াখানার পরিবেশ, ব্যবস্থাপনা ও কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না তা সরেজমিনে দেখা। এ সময় তিনি দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে জানতে চান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বেদখল হওয়া চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশনা দেন। একই সঙ্গে পাবলিক টয়লেট বৃদ্ধি, দর্শনার্থীদের বসার স্থান সম্প্রসারণ, রাস্তাঘাট মেরামত, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পশুপাখির সংখ্যা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমান বাজেটের মধ্যেই দৃশ্যমান উন্নয়নকাজ শুরু করতে হবে।

আকস্মিক পরিদর্শন সম্পর্কে সালাউদ্দিন টুকু বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের অব্যবস্থাপনা রয়েছে কি না তা দেখতেই তিনি হঠাৎ করে এসেছেন। তিনি বলেন, ‘কাউকে না জানিয়ে এখানে এসেছি, যাতে প্রকৃত অবস্থা বোঝা যায়। পরিচ্ছন্নতা, বসার ব্যবস্থা ও দর্শনার্থীদের সুবিধা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কিছু প্রাণী আনার পরিকল্পনাও রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাণীদের খাদ্য সরবরাহ সন্তোষজনক হলেও দর্শনার্থীরা আরও উন্নত পরিবেশ প্রত্যাশা করেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে হবে, এটি একটি সম্ভাবনাময় প্রকল্প। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এটিকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্পিকারের স্ত্রী ভেন্টিলেশনে

তুরস্ক সম্মেলনে বিশ্বাসযোগ্য, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর

আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে প্রথম অধিবেশনেই আইন করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে রোববার উচ্চপর্যায়ের সভা

বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জ্বালানি তেলে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল থেকে প্রায় এক মাসে ৭৯৭ ফ্লাইট বাতিল