হোম > জাতীয়

ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান আনসার মহাপরিচালকের

আজকের পত্রিকা ডেস্ক­

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোটকেন্দ্রে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও বিশৃঙ্খলা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আজ শনিবার গাজীপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনী নিরাপত্তা, পেশাদারত্ব ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরাই ছিল এই সমাবেশের মূল লক্ষ্য। গাজীপুরে সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরাও এতে যুক্ত হন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্যদের অটল পাহাড়ের মতো দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আনসার মহাপরিচালক জানান, নির্বাচনী সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে দুজন সদস্য সরাসরি নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার-ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

মহাপরিচালক আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে। তিনি বলেন, দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সব সদস্যের প্রধান কর্তব্য।

মহাপরিচালক আরও উল্লেখ করেন, আনসার-ভিডিপি কেবল নির্বাচনকালীন দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে প্রস্তুত একটি বৃহৎ বাহিনী, যা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সমাবেশের শেষাংশে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, পেশাদারত্ব, সততা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

নিজস্ব উদ্যোগে প্রথম দুটি এসি বাস তৈরি করল বিআরটিসি

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের লিভ টু আপিল

চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

উন্নয়ন বলতে রাস্তাঘাট-সেতু নির্মাণই বোঝেন অধিকাংশ ভোটার ও প্রার্থী: সিপিডির জরিপ

প্রার্থীদের বড় অংশই স্বল্প আয়ের, ধনী প্রার্থী কোন দলে কত

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

পার্বত্য ৩ জেলা: দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে যাবে সরঞ্জাম, বাড়তি নিরাপত্তা

হাদি হত্যার তদন্ত চেয়ে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

ভোট পড়বে ৫৫ শতাংশ, ধারণা ইসি আনোয়ারুল ইসলামের

জলকামান-সাউন্ড গ্রেনেড ছুড়ে সরকারি কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ