হোম > জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব, ৩ অতিরিক্ত সচিবকে পদোন্নতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর দপ্তর বদলে দেওয়া হয়েছে দুই সচিবের।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্যপদে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য নাসরীন জাহানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।