হোম > জাতীয়

সংবিধান ও কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে: ডেপুটি স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’-বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠান। ছবি: জাতীয় সংসদ

সংবিধান ও সংসদের কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সংসদ সদস্যদের গভীর ও সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’-বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাহী বিভাগের কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে সংসদ সদস্যদের সাংবিধানিক ও সংসদীয় বিধিব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অপরিহার্য।

বক্তব্যে কায়সার কামাল উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন ও সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। সংবিধানের ৬৪, ৭৪, ৭৬ ও ৭৮ অনুচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এসব বিধান সংসদীয় কাঠামো, কমিটি ব্যবস্থা, সংসদ সদস্যদের দায়িত্ব ও জবাবদিহি এবং রাষ্ট্র পরিচালনায় সংসদের ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব‌্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদের কার্যপ্রণালি-বিধি কেবল আনুষ্ঠানিক নিয়মকানুনের সমষ্টি নয়; বরং এটি সংসদীয় কার্যক্রম পরিচালনার একটি কার্যকর পথনির্দেশক। আইন প্রণয়ন, প্রশ্নোত্তর কার্যক্রমে অংশগ্রহণ, নোটিশ প্রদান, প্রস্তাব ও সংশোধনী উত্থাপন, ভোটদান পদ্ধতি এবং বিভিন্ন সংসদীয় উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সংসদ সদস্যদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ওরিয়েন্টেশন কোর্সে ডেপুটি স্পিকার সংবিধানের মৌলিক বিষয়াবলি, সংসদীয় রীতি-নীতি, সংসদে আলোচনার পদ্ধতি, বিভিন্ন ধরনের নোটিশ ও প্রস্তাবের ব্যবহার, প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব, সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিতকরণে সংসদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সংসদ সদস্যদের উদ্দেশে কায়সার কামাল বলেন, সংসদে উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যথাযথভাবে উপস্থাপন করা একজন জনপ্রতিনিধির অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সমস্যা-সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, সংসদের কাছে সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষ দায়বদ্ধ। এ কারণে সংসদের কার্যকারিতা ও মর্যাদা রক্ষায় কোরাম নিশ্চিতকরণ, সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদীয় কমিটিগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটিগুলোর তদারকি ও পর্যালোচনামূলক ভূমিকার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়দায়িত্ব সম্পর্কেও আলোচনা করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংসদ সদস্যদের বিশেষ অধিকার রক্ষা করা যেমন প্রয়োজন, তেমনি সেই অধিকার দায়িত্বশীল ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে প্রয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ।

ডেপুটি স্পিকার বলেন, সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, মতামত ও স্বার্থের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সংসদ সদস্যদের দায়িত্বশীল, জ্ঞানভিত্তিক ও কার্যকর ভূমিকা সংসদের মর্যাদা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে।

এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি নবনির্বাচিত ও বর্তমান সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং সংসদের কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন কায়সার কামাল।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সচিব, ইউএনডিপির প্রতিনিধি, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত: পুশ ইনে সীমান্তে উত্তেজনা

৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের প্রণোদনায় নীতিমালা অনুমোদন

দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা

নিজ খরচে ইকোনমিক ক্লাসে সরকারি কাজে থাইল্যান্ডে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না বিদ্যুতের দাম

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

বিদ্যুতের আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত ফিরছে আগের দামে