বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ৭ মে।
প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও আসামিপক্ষের শুনানি শেষে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন এই মামলার সব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে। অন্যদিকে আসামিদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানির পর আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলার ২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক। এই মামলায় গ্রেপ্তার আছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
ট্রাইব্যুনাল গত ১৮ জানুয়ারি এই ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি অভিযোগ এনেছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।