হোম > জাতীয়

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁকে এই আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্ক আরও জোরদারে সৌদির আগ্রহ

বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

যেসব খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ আরও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

সৌদি প্রতিনিধিদলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলারবিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক।

মালয়েশিয়ায় দুয়ার খুলতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন

মানবতাবিরোধী অপরাধের আরও ২ মামলায় জিয়াউল-তারেক সাঈদকে হাজিরের নির্দেশ

অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না—বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

আইডি হ্যাক, প্রতারণা, হয়রানি—সমাধান মিলবে এক প্ল্যাটফর্মেই

সৌদি আরবে কফিল নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরুর চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী