হোম > জাতীয়

লন্ডনে নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি: সংগৃহীত

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে তাঁকে হাইকমিশনার নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

আরেক প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যপদে মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির এপিএস ইউনুস আলী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামের মো. তৈয়ব আলী ও মোছা. আফলাতুনের সন্তান মো. ইউনুস আলী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অর্থাৎ ৭৪ হাজার ৪০০ টাকা মূল বেতনে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন বা ইউনুস আলীকে তাঁর এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।