ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নাব্যতা নিশ্চিতকরণ ও বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং সংশ্লিষ্ট খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিশ্চিত করার বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে হবে না। নদী ও পরিবেশ রক্ষায় প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও এগিয়ে আসতে হবে। নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়াই সবার দায়িত্ব।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মুখ্য সচিব, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।