হোম > জাতীয়

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান: বেবিচক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

এটিজেএফবি-এর সঙ্গে মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সঙ্গে মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালে সেবার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রীসেবা আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সভায় চেয়ারম্যান আরও জানান, তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালনা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই চুক্তিটি করা হবে। এ পর্যন্ত একাধিক দফা আলোচনা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।

মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর কমপক্ষে তিন মাস সময় লাগবে এবং এরপর ৬ মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে। টেস্ট রানের পর সীমিত পরিসরে টার্মিনাল চালু করা সম্ভব হবে।

চেয়ারম্যান জানান, সরকার নির্ধারিত সময়সীমা সামনে রেখে কাজ এগিয়ে চলছে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় দ্রুত শিফটিং ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতার সঙ্গে ধাপে ধাপে কার্যক্রম এগোনো হচ্ছে।

তৃতীয় টার্মিনালের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত মেইনটেনেন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত সাপোর্ট দেবে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।

মতবিনিময় সভায় এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের সদস্য ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ