হোম > জাতীয়

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

রমেশ চন্দ্র সেন। ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা ১০ মিনিটে রমেশ চন্দ্র সেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৯টা ২৯ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে। পরে আদালতের নির্দেশে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিন মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৬ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় দেড় লাখ হিট

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাওরাঞ্চল: খোরাক বাঁচানোর চেষ্টায় কৃষক

বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জুন

ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন