হোম > জাতীয়

নবম পে স্কেল: বেতনের গেজেট আগস্টে

শহীদুল ইসলাম, ঢাকা

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।

সবশেষ ২০১৫ সালের অষ্টম বেতনকাঠামোর মতো নতুন বেতনকাঠামোর মূল বেতন ও ভাতা দুই বছরে নাকি একই সঙ্গে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভার ওপর ছেড়ে দিচ্ছে পর্যালোচনা কমিটি।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে এই কমিটির ষষ্ঠ সভা হয়েছে। সভায় বেতন কমিশনের সুপারিশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া আগের বেতনকাঠামোর ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া পর্যালোচনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও দুই থেকে তিনটি সভায় বসতে হবে। এখন প্রতিটি সভায় খুঁটিনাটি দিকগুলো পর্যালোচনা করছি। নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেন কোনো ক্ষোভ না থাকে, তা নিশ্চিত করার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

অষ্টম বেতনকাঠামোতে বেশ কিছু ভুল ছিল জানিয়ে ওই সদস্য বলেন, নতুন বেতনকাঠামোতে যাতে কোনো ধরনের ভুল না থাকে, সে বিষয়ে সাবধানতার সঙ্গে কাজ করা হচ্ছে। ২০১৫ সালে অষ্টম বেতনকাঠামো ঘোষণার পর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনে নেমেছিলেন। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকের বেতন কীভাবে বাড়বে, সে বিষয়ে কিছু বলা ছিল না। পরে বেতন বৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব বিষয়ের সমাধান করা হয়।

পর্যালোচনা কমিটি সূত্র জানায়, কমিটির সদস্যরা ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে বিষয়টি নিজেরা চূড়ান্ত না করে মন্ত্রিসভা থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত চাইবে পর্যালোচনা কমিটি। নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে কমিটিতে আলোচনা হয়েছে। সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন কমিটির বেশির ভাগ সদস্য। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও কমিটিতে আলোচনা হয়েছে।

২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে বিগত অন্তর্বর্তী সরকার। ওই কমিশন গত ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। অন্তর্বর্তী সরকার নতুন বেতনকাঠামো বাস্তবায়ন না করে নির্বাচিত সরকারের হাতে সেই ভার দিয়ে বিদায় নেয়।

গত ৮ ফেব্রুয়ারি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি করে সরকার।

পর্যালোচনা কমিটির একজন সদস্য বলেন, অষ্টম বেতন কমিশন গঠনের দুই বছর ২১ দিন পর নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করা হয়েছিল। আর নবম বেতন কমিশন গঠনের ১১ মাস ২১ দিন পার হয়েছে। এর মধ্যে সরকারে পরিবর্তন এসেছে। ১০ বছরের বেশি সময় ধরে আগের কাঠামোতে বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বিষয়টি মাথায় রেখেই কমিটি দ্রুততার সঙ্গে পর্যালোচনার কাজ করছে।

সাধারণত প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতনকাঠামো দিয়ে আসছিল সরকার। তবে ২০১৫ সালের পর নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়নি। ফলে বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে যাওয়ায় অনেকের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতনকাঠামোতে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ বাড়ানো হতে পারে।

অষ্টম বেতন কমিশনের সুপারিশ থেকে কোন কোন বিষয়গুলোতে রদবদল হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি পর্যালোচনা কমিটির সদস্যরা। একজন কর্মকর্তা বলেন, মন্ত্রিসভাতেই বেতনকাঠামো চূড়ান্ত হবে। এর ফলে বিষয়টি এতটাই গোপনীয় রাখা হয়েছে, পর্যালোচনা কমিটির বৈঠকের অ্যাজেন্ডাও আগে নির্ধারণ করা হয় না।

বেতনকাঠামোর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা নিয়ে বেশ কয়েকটি এসআরও জারি করতে হবে। এখন সেসব এসআরওর খসড়া তৈরি করা হচ্ছে। পর্যালোচনা কমিটির সুপারিশ চূড়ান্ত হলে এসআরওগুলো হালনাগাদ করে রাখা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এসআরও জারি করা হবে।

আন্তমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বেতন কমিশন প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘সব সরকারি চাকরিজীবী নতুন বেতনকাঠামোর গেজেটের জন্য অপেক্ষা করছেন। এর কাজ অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা এগিয়ে দিয়ে গেছে। এখন সময়ক্ষেপণ করলে অনেকের কাছে ভুল বার্তা যাবে। বাজার পরিস্থিতির দিকে খেয়াল রেখে সরকার নতুন বেতনকাঠামো ঘোষণা করবে বলে আমরা মনে করছি।’

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। আগস্টের প্রথম সপ্তাহে নবম বেতনকাঠামোর গেজেট প্রকাশ করতে চাইলে তার আগে ২৩ ও ৩০ জুলাই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। তবে প্রধানমন্ত্রী চাইলে যেকোনো দিন মন্ত্রিসভার বৈঠক করতে পারেন। মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন হলে আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে গেজেট প্রকাশ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বন্যায় সর্বস্বান্ত কৃষকেরা: ৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

আলোচনা ছাড়াই ২৮ মিনিটে পাস ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল’

পৃষ্ঠপোষকতা না দিলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে: সংসদে বিরোধীদলীয় নেতা

কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় একটি সড়কের নামকরণ হবে: সংসদে প্রধানমন্ত্রী

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা

৬ মাসে মব সহিংসতায় নিহত ১৩৩: এইচআরএসএস

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ বিল পাস

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট

এবার সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট